ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে সভ্যতার যুদ্ধ হিসেবে তুলে ধরার মার্কিন প্রচেষ্টার জবাবে প্রাচীন ইতিহাসের প্রসঙ্গ টেনেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, একসময় সাসানীয় সম্রাট প্রথম শাপুরের কাছে পরাজিত হয়ে রোমান সম্রাটকে নতজানু হতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই ঐতিহাসিক ঘটনার উল্লেখ করেন।
শুক্রবার (০৯ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে রেজাই বলেন, ইরানের কাছে পরাজয় ও অপমানের মুখে পড়ার পর এথেন্সে গিয়ে যারা সভ্যতার যুদ্ধের বয়ান তৈরি করতে চাইছে, তাদের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়া উচিত। সেই অধ্যায়ে দেখা যায়, সাসানীয় সাম্রাজ্যের সম্রাট প্রথম শাপুরের সামনে নতজানু হয়েছিলেন রোমান সম্রাট।
রেজাই আরও বলেন, যারা ইতিহাসকে আলোচনায় আনবে, তাদের ইতিহাসের পুনরাবৃত্তির জন্যও প্রস্তুত থাকতে হবে।
এথেন্সে রুবিওর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রেজাইর এই মন্তব্য এসেছে। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা সভ্যতার প্রসঙ্গ তুলে ইরান ও দেশটির সভ্যতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। রেজাই তাঁর বক্তব্যে প্রাচীন ইরানের সামরিক ইতিহাস সামনে এনে যুক্তরাষ্ট্রের সভ্যতাকেন্দ্রিক বয়ানের পাল্টা জবাব দিয়েছেন।
প্রথম শাপুর ২৪১ থেকে ২৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত সাসানীয় সাম্রাজ্য শাসন করেন। তাঁর সময়ে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালানো হয়। ২৬০ খ্রিষ্টাব্দে বর্তমান তুরস্কের এদেসা অঞ্চলের কাছে যুদ্ধে সাসানীয় বাহিনী রোমান সেনাবাহিনীকে পরাজিত করে। ওই যুদ্ধে রোমান সম্রাট ভ্যালেরিয়ান বন্দি হন। বিদেশি শত্রুর হাতে বন্দি হওয়া প্রথম রোমান সম্রাট ছিলেন তিনি।
এই বিজয় স্মরণীয় করে রাখতে প্রথম শাপুর বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ ও পাথরে খোদাই করা ভাস্কর্য নির্মাণ করান। পার্সেপোলিসের কাছে নকশে রুস্তমের একটি ভাস্কর্যে ভ্যালেরিয়ানকে শাপুরের সামনে নতজানু অবস্থায় দেখা যায়। সাসানীয় সাম্রাজ্যের কাছে রোমের পরাজয়ের প্রতীক হিসেবে ঐতিহাসিক দৃশ্যটি পরিচিত।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটেও রেজাইর মন্তব্য এসেছে। গত ১ এপ্রিল ট্রাম্প ইরানে বোমাবর্ষণ করে দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দেন। ইরান তাঁর দাবি পূরণ না করলে ৭ এপ্রিল তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি পুরো সভ্যতা সেদিন রাতে ধ্বংস হয়ে যাবে এবং আর কখনো ফিরিয়ে আনা যাবে না।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে ইরানে নতুন করে হামলার হুমকিও জোরালো হয়েছে। এর বিপরীতে যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সরকার। সূত্র: প্রেস টিভি
'আঞ্চলিক কূটনীতি শুধু বৈঠক আয়োজনেই সীমাবদ্ধ রাখা উচিৎ নয়'
ইরানের শক্তিশালী ও স্বাধীন সভ্যতাই যুক্তরাষ্ট্রের সমস্যা: ভেলায়াতি
অন্যায় আচরণের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান