আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং সব ধরনের সহিংসতা থেকে তাদের সুরক্ষায় সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

জাতিসংঘের উদ্যোগে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়। কন্যাশিশুরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলো তুলে ধরা এবং তাদের ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববাসীকে উৎসাহিত করাই দিবসটির অন্যতম লক্ষ্য।

বিশ্বে প্রায় ১১০ কোটি কন্যাশিশু রয়েছে, যারা শক্তি, সম্ভাবনা ও সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উৎস। তবে দারিদ্র্য, শিক্ষার সীমিত সুযোগ, অপুষ্টি, বাল্যবিবাহ, লিঙ্গবৈষম্য ও বিভিন্ন ধরনের সহিংসতা এখনো তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটের সময় এসব ঝুঁকি আরও বেড়ে যায়।

দিবসটির গুরুত্বের মধ্যে রয়েছে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা, পুষ্টি, চিকিৎসাসেবা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি মেয়ের শিক্ষা, সমান সুযোগ, নিরাপত্তা এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রতিষ্ঠা করা গেলে বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত