অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

রোববার (১১ অক্টোবর) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাদিয়া ইসলাম। মাত্র ২৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। এছাড়া শিরিনা খাতুন ৪০ বলে ৩২ রান করেন। নিশিতা আক্তার নিশি করেন ২০ বলে ২০ রান। শেষ দিকে সাদিয়া আক্তারের ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করে লড়াইয়ের আভাস দিলেও অন্যরা বড় ইনিংস খেলতে পারেননি। আকসা করেন ৩২ বলে ২৩ রান, রোজিনার ব্যাট থেকে আসে ১৬ বলে ১৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন, ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি শিকার করেন ২ উইকেট। এছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি একটি করে উইকেট নেন। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

জেএম
আরও পড়ুন