স্বর্ণের অলংকারে ভেজাল দেওয়ার নতুন কৌশল হিসেবে আলোচনায় এসেছে বিরল ও অত্যন্ত ভারী ধাতু রেনিয়াম। স্বর্ণের সঙ্গে রেনিয়াম পাউডার মিশিয়ে অলংকারের প্রকৃত স্বর্ণের পরিমাণ কম রেখেও বাড়ানো হচ্ছে মোট ওজন। অভিযোগ উঠেছে, প্রচলিত কিছু পরীক্ষায় এই ধাতুর উপস্থিতি শনাক্ত করা কঠিন হওয়ায় প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে। ভারতের রাজস্থানের যোধপুরে ২২ ক্যারেট হলমার্ক দেওয়া একটি অলংকারে রেনিয়াম মেশানোর ঘটনা সামনে আসার পর স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ের প্রচলিত পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
রেনিয়াম কী, কেন এত গুরুত্বপূর্ণ?
রেনিয়াম একটি অত্যন্ত বিরল, রুপালি-সাদা রঙের ধাতব মৌল। পর্যায় সারণিতে এর প্রতীক Re এবং পারমাণবিক সংখ্যা ৭৫। পৃথিবীর ভূত্বকে ধাতুটির উপস্থিতি খুবই সীমিত। উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা, স্থায়িত্ব ও বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে রেনিয়াম শিল্পক্ষেত্রে বেশ মূল্যবান।
বিশেষ করে উড়োজাহাজের জেট ইঞ্জিনের টারবাইন ব্লেড তৈরিতে ব্যবহৃত উন্নত সংকর ধাতু এবং তেল পরিশোধন শিল্পের অনুঘটক তৈরিতে রেনিয়ামের ব্যবহার রয়েছে।
তবে স্বর্ণের সঙ্গে প্রতারণার ক্ষেত্রে রেনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অত্যধিক ঘনত্ব। রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির তথ্য অনুযায়ী, প্রতি ঘন সেন্টিমিটারে রেনিয়ামের ঘনত্ব প্রায় ২০ দশমিক ৮ গ্রাম। অন্যদিকে বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব প্রায় ১৯ দশমিক ৩ গ্রাম। অর্থাৎ সমান আয়তনের রেনিয়াম স্বর্ণের চেয়েও ভারী।
এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে স্বর্ণের সঙ্গে রেনিয়াম মেশালে অলংকারের মোট ওজন বাড়ানো সম্ভব। ফলে ক্রেতা বেশি ওজনের অলংকার কিনছেন বলে মনে করলেও তাতে প্রকৃত স্বর্ণের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে।
যোধপুরে যেভাবে সামনে এল প্রতারণার কৌশল
ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের যোধপুরে স্থানীয় এক স্বর্ণকারের সহযোগিতায় একটি পরীক্ষামূলক মিশ্রণ তৈরি করা হয়। এতে ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের সঙ্গে এক গ্রাম রেনিয়াম পাউডার মেশানো হয়। ফলে মিশ্রণের ওজন দাঁড়ায় ৮ দশমিক ৮৩ গ্রাম।
পরে এর সঙ্গে আরও শূন্য দশমিক ৭৫ গ্রাম সংকর ধাতু যোগ করে তৈরি করা হয় ৯ দশমিক ৫৮ গ্রাম ওজনের একটি ঐতিহ্যবাহী রাজস্থানি অলংকার।
অলংকারটি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও শোরুমে নিয়ে পরীক্ষা করানো হয়। এর মধ্যে একটি হলমার্কিং কেন্দ্র অলংকারটিকে ২২ ক্যারেট হিসেবে সনদ দেয়। অন্য একটি শোরুমের পরীক্ষাযন্ত্রে স্বর্ণের পরিমাণ ৯৩ দশমিক ৭০ শতাংশ দেখানোর পাশাপাশি রুপা ও তামার উপস্থিতিও শনাক্ত হয়। কিন্তু রেনিয়ামের উপস্থিতি ধরা পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অথচ মিশ্রণে ব্যবহৃত প্রকৃত স্বর্ণের পরিমাণের ভিত্তিতে হিসাব করলে অলংকারটিতে স্বর্ণের হার প্রায় ৮১ দশমিক ৭ শতাংশ, যা ২২ ক্যারেটের পরিবর্তে প্রায় ২০ ক্যারেটের সমতুল্য।
প্রচলিত পরীক্ষায় রেনিয়াম ধরা পড়ে না কেন?
স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হলো এক্স-রে ফ্লুরোসেন্স বা এক্সআরএফ পরীক্ষা। এই পদ্ধতিতে এক্স-রে ব্যবহার করে অলংকারের উপরিভাগে থাকা বিভিন্ন ধাতব উপাদান শনাক্ত ও বিশ্লেষণ করা হয়।
তবে যন্ত্রের ধরন, ক্যালিব্রেশন, পরীক্ষার পরিবেশ এবং নমুনার গঠনের ওপর ফলাফলের নির্ভুলতা নির্ভর করে। বিশেষ করে অলংকারের ভেতরে অন্য ধাতু মিশ্রিত থাকলে শুধু উপরিভাগের পরীক্ষায় প্রকৃত উপাদানের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া নাও যেতে পারে।
এ কারণে এক্সআরএফ পরীক্ষার ফলাফলকে সব ক্ষেত্রে চূড়ান্ত ধরে নেওয়া ঠিক নয়। তবে সব এক্সআরএফ যন্ত্রই রেনিয়াম শনাক্ত করতে ব্যর্থ হয়, এমন দাবিও সঠিক নয়।
প্রয়োজনে উন্নত পরীক্ষাগার বিশ্লেষণ, ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং অগ্নি পরীক্ষার মতো পদ্ধতি ব্যবহার করে অলংকারে স্বর্ণের প্রকৃত পরিমাণ ও অন্যান্য ধাতুর উপস্থিতি নির্ণয় করা সম্ভব।
স্বর্ণ কেনার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) হলমার্ক ব্যবস্থায় স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য নির্দিষ্ট চিহ্ন ও শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে। হলমার্কযুক্ত অলংকারে বিআইএসের লোগো, বিশুদ্ধতার চিহ্ন এবং ছয় অক্ষরের হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (এইচইউআইডি) কোড থাকে। বিআইএস কেয়ার অ্যাপের মাধ্যমে এই কোড যাচাই করা যায়।
স্বর্ণ কেনার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। যেমন—
১. স্বীকৃত ও নিবন্ধিত বিক্রেতার কাছ থেকে স্বর্ণ কেনা।
২. অলংকারে হলমার্ক ও বিশুদ্ধতার চিহ্ন রয়েছে কি না, তা যাচাই করা।
৩. এইচইউআইডি কোড থাকলে সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে সেটির তথ্য পরীক্ষা করা।
৪. ক্রয় রসিদে অলংকারের মোট ওজন, ক্যারেট, স্বর্ণের নিট ওজন এবং মূল্য স্পষ্টভাবে উল্লেখ আছে কি না, নিশ্চিত হওয়া।
৫. সন্দেহ হলে স্বীকৃত পরীক্ষাগারে উন্নত পদ্ধতিতে স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষা করানো।
স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ে নতুন সতর্কবার্তা
যোধপুরের ঘটনাটি স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষার প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতা এবং হলমার্কিং প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অত্যন্ত ঘনত্বসম্পন্ন ধাতু ব্যবহার করে স্বর্ণের ওজন বাড়ানোর অভিযোগ ক্রেতাদের জন্য উদ্বেগের বিষয়।
তবে একটি পরীক্ষামূলক ঘটনার ভিত্তিতে হলমার্ক দেওয়া সব স্বর্ণের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বরং এ ঘটনা স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ে আরও উন্নত প্রযুক্তি, কার্যকর নজরদারি এবং সনদ প্রদানের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে শুধু মোট ওজন কিংবা হলমার্কের ওপর নির্ভর না করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র: গালফ নিউজ, রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান