সৌদি ভ্রমণে একাধিক দেশের ‘রেড অ্যালার্ট’

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে।

সোমবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের নাগরিকদের সৌদি সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া ও জাপান একই ধরনের ট্রাভেল অ্যাডভাইজরি বা সতর্কবার্তা জারি করে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর তাদের নাগরিকদের রিয়াদের 'কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর' সম্পূর্ণ এড়িয়ে চলতে এবং সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে যাতায়াতের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের যেকোনো প্রয়োজনে রিয়াদ বিমানবন্দরসহ নাজরান, জাজান ও আসির প্রদেশে সফর না করার এবং পুরো সৌদি আরবে "অপ্রয়োজনীয় সফর" বাতিল করার তাগিদ দিয়েছে।

দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের অবিলম্বে ক্ষেত্রবিশেষে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য তাদের নাগরিকদের জেদ্দা ও দাম্মাম সফর এড়িয়ে চলতে এবং মদিনা বিমানবন্দর ব্যতীত অন্য সব বিমানবন্দর ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে।

উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদির বিমানবন্দরগুলোতে পাঁচটি পৃথক হামলা চালানো হয়েছে। গত শনিবার রিয়াদ বিমানবন্দরে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হন। এর পরদিন রোববারেও একই বিমানবন্দরে আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন।

টানা হামলার কারণে রিয়াদের 'কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর' এবং দাম্মামের 'কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর' সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'Flightradar24'-এর তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বন্ধ থাকার পাশাপাশি জেদ্দায় 'কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে' ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় সৃষ্টি করেছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন