যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম 'নতুন ক্ষেপণাস্ত্র' পরিদর্শনে কিম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ (KCNA) মঙ্গলবার (১৩ অক্টোবর) নতুন উদ্বোধন করা সামরিক জাদুঘর থেকে কিমের এই শক্তিশালী অস্ত্র পরিদর্শনের দৃশ্য প্রকাশ করে।

অবাক করার বিষয় হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় কিম জং উনের সাথে বৈঠকে বসার ইঙ্গিত দেওয়ার ঠিক পরদিনই এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের খবর সামনে এলো।

উল্লেখ্য, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) সম্মেলনে ট্রাম্পের যোগ দেওয়ার কথা রয়েছে।

কেসিএনএ জানায়, গত রোববার কিম জং উন তাঁর স্ত্রী রি সোল জু এবং কন্যা জু অ্যা-কে সঙ্গে নিয়ে নবনির্মিত ‘ডিফেন্স রিভলিউশন মিউজিয়াম’ উদ্বোধন ও পরিদর্শনে যান। সেখানে কিমের শাসনামলে তৈরি অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে 'হাওসং-২০' (Hwasong-20) নামের শক্তিশালী আইসিবিএমসহ নানা মারণাস্ত্র প্রদর্শন করা হয়।

কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিন জং-উ জানান, প্রদর্শনীতে থাকা হাওসং-২০ ক্ষেপণাস্ত্রটির লঞ্চারের সামনে একাধিক ওয়ারহেড যুক্ত নকশা এবং বিশ্বমানচিত্রের একটি ডিসপ্লে ছিল। মানচিত্রে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার সীমা যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলনের আগেই কৌশলগতভাবে শক্ত অবস্থান তৈরিতেই কিমের এই প্রচারণামূলক শক্তি প্রদর্শন।

এদিকে, উত্তর কোরিয়া সোমবার তাদের একটি কৌশলগত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলেও দাবি করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া সম্প্রতি দেশটির পূর্ব উপকূলে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে উত্তর কোরিয়া গত এক মাসের মধ্যে এই নিয়ে চারবার ক্ষেপণাস্ত্র ছুড়লো।

সূত্র: রয়টার্স

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত