ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোসহ তিন প্রতিষ্ঠানের চুক্তি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সরবরাহে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোম।

সোমবার (১২ অক্টোবর) আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি জানান, সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে তা কেনার জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ব্যয় কমাতে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য এ-সংক্রান্ত যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

ইয়াসমিন বেগম বলেন, জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগের মাধ্যমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ও সরকারের এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। মন্ত্রণালয়ের আওতাধীন যেসব স্থাপনায় সৌর প্যানেল বসানো সম্ভব, সেগুলোতে এ ব্যবস্থা বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের মাধ্যমে এ উদ্যোগে এগিয়ে এলে তাদের যেন কোনোভাবেই হতাশ হতে না হয়, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ ও স্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

চুক্তি অনুযায়ী, জাতীয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় ডেসকোর ১২ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অধীনে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চুক্তিতে ডেসকোর পক্ষে স্বাক্ষর করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (যুগ্মসচিব) ফারজানা সুলতানা এবং ফাইবার অ্যাট হোমের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক শাহজামান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়। এতে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএজেড
আরও পড়ুন