অপরাধের খবর তুলে ধরায় সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৮ এএম

নেত্রকোনার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার উতরাইল বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির।

তিনি আইপিটিভি ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে ফেসবুক পেজে বিভিন্ন অপরাধ ও অনিয়মের তথ্য তুলে ধরতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে একটি দোকানে বসে ছিলেন আলিফ। হঠাৎ মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ওসি জানান, নিহতের শরীরে একাধিক গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে স্থানীয় পুলিশ প্রশাসন। নেত্রকোনার পুলিশ সুপার জানান, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও একই এলাকায় দুর্বৃত্তদের কুপিয়ে জখম করার শিকার হয়েছিলেন এই সাংবাদিক। সেই রেষ ধরেই এ হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত