রাকসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্প: সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন ৫,৪৩৭ জন শিক্ষার্থী। গত ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত এই বৃহৎ আয়োজনে শিক্ষার্থীদের প্রায় ৩৯ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ উপলক্ষে ক্যাম্পাসে ১৬টি বিশেষায়িত বিভাগে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি পরামর্শ প্রদান করেন। পরামর্শের পাশাপাশি বিভিন্ন জটিল ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষারও সুযোগ পান শিক্ষার্থীরা।

এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগকে সার্বিক সহযোগিতা করে ‘ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ’ (ডিসিআর) এবং ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম’ (এনডিএফ), রাজশাহী।

প্রতিবেদন থেকে জানা যায়, দুই দিনে মোট ৩,৫৭৭ জন শিক্ষার্থী বিশেষজ্ঞদের পরামর্শ নেন এবং ১,৮৬০ জন বিনামূল্যে ল্যাব পরীক্ষা করান। ইএনটি, লিভার, কিডনি, মেডিসিন, বক্ষব্যাধি ও গাইনিসহ বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।

পরামর্শের পাশাপাশি আলট্রাসনোগ্রাম, ইসিজি, ফিজিওথেরাপি, রক্তের শর্করার মাত্রা পরীক্ষা এবং চোখের পাওয়ার টেস্টসহ মোট ১৫ ধরনের পোর্টেবল ল্যাব পরীক্ষার সুবিধা ছিল এই ক্যাম্পে।

আয়োজনটির প্রথম দিনে ১,৪৩৯ জন শিক্ষার্থী চিকিৎসকের পরামর্শ নেন এবং ৩৮৭ জন রিপোর্ট সংক্রান্ত সেবা পান। প্রথম দিনে সব মিলিয়ে ১৫ লাখ ১২ হাজার টাকার চিকিৎসা সুবিধা দেওয়া হয়।

দ্বিতীয় দিনে সেবাগ্রহীতার সংখ্যা আরও বৃদ্ধি পায়; মোট ২,০৭১ জন শিক্ষার্থী পরামর্শ গ্রহণ করেন এবং ৮৫০ জন রিপোর্ট পর্যালোচনা সেবা পান। সেদিন বিতরণকৃত সেবার আর্থিক মূল্য দাঁড়ায় ২৪ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা।

ক্যাম্পে অংশ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা জানান, আর্থিক সীমাবদ্ধতা ও ব্যস্ততার কারণে অনেকে নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাই একই জায়গায় এমন সমন্বিত স্বাস্থ্যসেবা পেয়ে তাঁরা খুবই উপকৃত হয়েছেন।

ডিসিআরের প্রতিনিধি ড. ইলিয়াস হোসেন জানান, রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করে জটিলতা ও চিকিৎসার খরচ কমানোই তাঁদের মূল উদ্দেশ্য। তাঁদের আধুনিক পোর্টেবল ল্যাবের মাধ্যমে মাত্র ২ ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট প্রদান করা হয়েছে।

রাকসুর নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের সেবার মান বাড়ানোর বার্তা পৌঁছানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান শিক্ষার্থীদের জন্য আয়োজিত এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত