আনসার-ভিডিপি মহাপরিচালক

দুর্গাপূজার নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ এএম

সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির মণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি তদারকি করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের উদ্দেশ্যে আনসার মহাপরিচালক বলেন, এবারের পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে। তিনি নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি মাঠপর্যায়ে পেশাদারিত্ব, সর্বোচ্চ সতর্কতা ও কঠোর শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিশেষ নজরদারির অংশ হিসেবে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে দায়িত্বরত সদস্যরা মাঠপর্যায়ের তথ্য দ্রুত আদান-প্রদান করতে পারছেন। ফলে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া এবং নজরদারি চালানো সম্ভব হচ্ছে।

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ জানান, পূজা চলাকালে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন ও সহযোগী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ বছর সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা দিতে দুই লাখেরও বেশি প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি সামাল দিতে সারাদেশে আনসার ব্যাটালিয়নের ১০৪টি বিশেষ 'স্ট্রাইকিং টিম' সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি অঞ্চলে ডিজিটাল নজরদারি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে নিবিড় তদারকি চলছে। সংশ্লিষ্ট প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও আনন্দঘন পূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাহিনীটি।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত