রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় জাপানের আবহাওয়া সংস্থা ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করেছিলো বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল রাশিয়ার দূরপ্রাচ্যের ভিলিউচিনস্ক শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূকম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারও জানায়, এ কম্পনের পর সুনামির কোনো আশঙ্কা নেই।
তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জাপানে ৯.৯ মাত্রার সতর্কবার্তা কেন?
বিএনও নিউজের উদ্ধৃত তথ্য অনুযায়ী, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রাথমিকভাবে ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তা দিয়েছিল। এতে দেশটির বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী কম্পনের আশঙ্কার কথা জানানো হয়। তবে সংস্থাটির প্রকৃত পরিমাপ ছিল ৬.৯ মাত্রা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৯.৯ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাসটি সঠিক হলে তা ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের চেয়েও বড় ঘটনা হতো। তবে সতর্কবার্তাটি ছিল ভুল—এমন তথ্য প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভূমিকম্প প্রবণ ‘রিং অব ফায়ার’
কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূতাত্ত্বিক বলয় ‘রিং অব ফায়ার’-এর অংশ। এ অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের পারস্পরিক ক্রিয়া এবং প্লেটের সীমানায় ভূত্বকের পরিবর্তনের কারণে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
গত বছরের জুলাইয়ে কামচাটকার উপকূলের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এর ফলে সুনামি সৃষ্টি হয়ে একটি উপকূলীয় গ্রামের অংশ সমুদ্রে ভেসে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হাতে আর কী সামরিক বিকল্প আছে?