যুক্তরাষ্ট্রের মাটিতে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান কুস্তিতে ইরানের শিরোপা জয়ের প্রশংসা করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি। তিনি বলেছেন, ইরান এমন এক ভূমি, যেখানে চ্যাম্পিয়ন ও সাহসী মানুষের জন্ম হয়। তাঁরা বিশ্বের বিভিন্ন অঙ্গনে দেশের পতাকা উঁচুতে তুলে ধরে ইরানের নাম ও মর্যাদা সমুন্নত রাখেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে ভাহিদি বলেন, অনূর্ধ্ব-২৩ গ্রেকো-রোমান কুস্তিতে ইরানের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সাফল্য একটি চিরন্তন সত্যকে আবারও স্পষ্ট করেছে। ইসলামি ইরান এমন এক দেশ, যার তরুণেরা বিভিন্ন ক্ষেত্র ও প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা, সাহস ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনছেন।
আইআরজিসি প্রধান বলেন, যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ক্রীড়াঙ্গন, সব জায়গাতেই ইরানের তরুণেরা দেশের সম্মান ও পতাকা রক্ষায় ভূমিকা রাখছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁদের সাফল্য ইরানি তরুণদের সক্ষমতা, বিশ্বাস ও সংকল্পের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান বিভাগে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে মোট ১১৯ পয়েন্ট নিয়ে শিরোপা অর্জন করে ইরান। এই সাফল্য দেশটির কুস্তি দলের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে।
ভাহিদি বলেন, এই অর্জনের পেছনে ক্রীড়াবিদদের পাশাপাশি কোচ ও কারিগরি দলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। এর সঙ্গে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং সুনির্দিষ্ট পরিকল্পনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কুস্তিগিরেরা কঠোর অনুশীলন ও প্রতিযোগিতার নানা চ্যালেঞ্জকে জাতীয় গৌরবের উৎসে পরিণত করেছেন বলে উল্লেখ করেন তিনি।
ইরানের এই সাফল্যকে দেশের তরুণ প্রজন্মের সামর্থ্য ও অধ্যবসায়ের প্রতিফলন হিসেবে তুলে ধরে আইআরজিসি প্রধান বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বাড়াতে তাঁদের ভূমিকার প্রশংসা করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি
'ইরানের অধিকারকে সম্মান না জানালে হরমুজ বন্ধই থাকবে'
আরাঘচি'র সঙ্গে বৈঠক করতে ইরান সফরে যাচ্ছেন ল্যাভরভ
সৌদি আরবের 'টাইফুন যুদ্ধবিমান' ভূপাতিতের দাবি হুথিদের