মোদিবিরোধী পোস্টে ১৫ লাখ রুপির প্রস্তাব, স্ক্রিনশট ভাইরাল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

বলিউড অভিনেতা ইমরান খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পোস্টের স্ক্রিনশট। এতে দাবি করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী পোস্ট দেওয়ার জন্য তাকে ১৫ লাখ রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন কোনো পোস্ট বা স্টোরি পাওয়া যায়নি। স্ক্রিনশটটি ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে সন্দেহ করছেন নেটিজেনদের একাংশ।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ পুলিশের নির্দেশ বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন।

এমন পরিস্থিতিতে ইমরানের নামে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে লেখা হয়েছে, ‘মোদি সরকারবিরোধী পোস্টের জন্য আমাকে ১৫ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, আমি কখনই সেই প্রলোভনের ফাঁদে পা দিইনি। সম্পূর্ণ বিনামূল্যেই আমি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলাম।’

তবে ইমরানের ইনস্টাগ্রাম প্রোফাইল খতিয়ে দেখেও ওই ধরনের কোনো স্টোরি পাওয়া যায়নি। নেটিজেনদের একাংশের ধারণা, স্ক্রিনশটটি ভুয়া এবং এআই ব্যবহার করে তৈরি করা হতে পারে।

ভাইরাল পোস্টটির প্রতিক্রিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘আবারও ভুয়া স্ক্রিনশট! প্রতিদিন কোনও না কোনও সেলিব্রিটির নামে নতুন ভুয়া স্ক্রিনশট ছড়ানো হয়।’

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ স্ক্রিনশটটিকে সত্য বলে দাবি করছেন। এ বিষয়ে ইমরান খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত