কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৭

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় আগুন পুরোপুরি নেভানোর পর এ কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

নিহত ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

আহত ৬ জন হলেন— মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দিন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

রিসোর্টেরের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয় বলে অনেকে জানিয়েছেন। কিন্তু এখনো সেটি নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ, তাদের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অপরজন পড়ে গিয়ে আহত, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দগ্ধ পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে বলে জানান উখিয়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।

কক্সবাজার শহরের প্রবেশদুয়ার কলাতলী থেকে রিসোর্টটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটারের। আগুনের একপর্যায়ে বাঁশ-কাঠের রিসোর্টটিতে ভস্মীভূত হয়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সকাল ১০টায় বলেন, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে। 

ওয়াইএ
আরও পড়ুন