রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি প্রথমে রাজধানীর উত্তরা এলাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি করার সময়সীমা দেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পরে প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শন করেন। সেখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নেওয়ার কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতালও ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় এ কর্মসূচি নেওয়া হয়।
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন লাগার পর পালিয়েছে কর্তৃপক্ষ