প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আধাবেলা হরতালের ডাক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপনসহ চার দফা দাবিতে সোমবার (৩০ নভেম্বর) অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। তাদের দাবিগুলোর মধ্যে আছে- সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ।

হরতাল সফল করার লক্ষ্যে এর মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ।

তিনি বলেন, প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল। তিনি বলেন, পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।

পলাশ কান্তি নাগ বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না। এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এর আগে, ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল বিদ্যুৎ গ্রাহক ফোরাম। বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল তার ওপর মরার উপর খাঁড়ার ঘা হিসাবে প্রিপেইড মিটার গ্রাহকদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত