২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ১,৪১৭ হামলায় ৮০০ যোদ্ধা হতাহত

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৭টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, এসব হামলায় হুথিদের প্রায় ৮০০ যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। একই সঙ্গে ১৯০টির বেশি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস কিংবা অকার্যকর করে দেওয়ার দাবিও করেছে তারা।

‘ইয়েমেনের প্রভাত’ অভিযানের অংশ হিসেবে দেওয়া বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, এসব অভিযানে যুদ্ধবিমান, চালকবিহীন আকাশযান, স্থল কামান ও রকেট উৎক্ষেপণব্যবস্থা ব্যবহার করা হয়েছে। হুথিদের বিভিন্ন সমাবেশস্থল, শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয় বলে জানান তিনি।

সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, হুথিদের যোদ্ধাদের সমাবেশ ও রসদসহ শক্তিবৃদ্ধির প্রচেষ্টা, সুরক্ষিত অবস্থান, গোলাবর্ষণের স্থান, সাঁজোয়া যান, যুদ্ধ সরঞ্জাম এবং চালকবিহীন আকাশযান উৎক্ষেপণের স্থাপনাগুলো এসব হামলার লক্ষ্য ছিল। এসব অভিযানের মাধ্যমে হুথিদের চলাচল ব্যাহত করা এবং সম্মুখযুদ্ধে অতিরিক্ত যোদ্ধা পাঠানোর সক্ষমতা সীমিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার ফলে হুথিরা সম্মুখসারিতে অতিরিক্ত সেনা পাঠাতে পারেনি এবং যুদ্ধক্ষেত্রে তাদের নির্ধারিত কৌশলগত লক্ষ্য অর্জনেও বাধার মুখে পড়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনেও নিজেদের অগ্রগতির কথা জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সামরিক মুখপাত্র বলেন, ওই এলাকায় হুথিদের অবস্থানগুলোতে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করে নতুন একটি কৌশলগত অবস্থানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।

এদিকে তায়েজ অঞ্চলে ইয়েমেনের সরকারি বাহিনী ও পপুলার রেজিস্ট্যান্স ধারাবাহিক কয়েক দফা হামলা প্রতিহত করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। একই সময়ে যুদ্ধবিমান দিয়ে হুথিদের অবস্থান ও শক্তিবৃদ্ধির প্রচেষ্টায় হামলা চালানো হয়েছে। এতে হুথিদের জনবল ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

বিবৃতিতে সামরিক মুখপাত্র আরও দাবি করেন, তাঁদের অভিযানগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে এবং আন্তর্জাতিক মানবিক আইন ও প্রচলিত যুদ্ধবিধি অনুসরণ করে পরিচালনা করা হয়েছে।

একই সঙ্গে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকার বাসিন্দাদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হুথিদের নিয়োগ অভিযানের বিষয়ে সতর্ক করে বাহিনীটি বলেছে, নিজেদের সন্তানদের এমন যুদ্ধে পাঠানো থেকে বিরত রাখতে হবে, যে যুদ্ধ তাদের ভাষায় ইয়েমেনের জনগণ কিংবা জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করে না। সূত্র: আরব নিউজ

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত