দায়িত্ব পালনে ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে সোচ্চার নাহিদ

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ টেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। তার মতে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মূল দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) শ্রীশ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, জনগণ আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে স্বরাষ্ট্রমন্ত্রী কখন পদত্যাগ করবেন। কিন্তু তিনি নিজের কাজের দিকে নজর না দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ইশরাক হোসেনের মতো ব্যক্তিদের ফৌজদারি অপরাধের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে। একই সাথে মিষ্টি পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেশের বর্তমান শাসনব্যবস্থাকে তিনি গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করেন।

সরকারের সংবিধান সংশোধন কমিটি গঠনকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ইতোমধ্যে এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। কেবল দলীয় বুদ্ধিজীবীদের নিয়ে মিটিং করে সংস্কারের বিপক্ষে বক্তব্য দেওয়ানো জনগণের সাথে এক ধরনের প্রহসন ছাড়া আর কিছুই নয়।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত