ইউজিসি চেয়ারম্যানের 

দেশেই হবে ৫ হাজার শিক্ষকের বিশ্বমানের প্রশিক্ষণ

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ এএম

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে শিক্ষার্থীদের কর্মজীবন ও বাস্তব জীবনের উপযোগী করে তোলার তাগিদ দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে তিনি উচ্চশিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার সঙ্গে জীবনের মেলবন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে আয়োজিত চার দিনব্যাপী 'ট্রেনিং অব ট্রেইনারস' কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সোমবার (১৯ অক্টোবর) সনদ বিতরণের মাধ্যমে এ বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

অনুষ্ঠানে অধ্যাপক মামুন আহমেদ জানান, অনেক শিক্ষার্থী অর্জিত জ্ঞান কর্মক্ষেত্র বা উদ্যোক্তা জীবনে পুরোপুরি প্রয়োগ করতে পারছেন না। এই ঘাটতি পূরণে উচ্চশিক্ষা খাত ঢেলে সাজাতে একটি কৌশলগত পরিকল্পনা নিয়েছে ইউজিসি।

তিনি আরও উল্লেখ করেন, এই রূপান্তর বাস্তবায়নে শিক্ষকরাই মূল ভূমিকা রাখবেন। তাই দেশের প্রায় ৫ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিক্ষকদের এই বিশ্বমানের অভিজ্ঞতা দিতে মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে। দেশের সক্ষমতা ব্যবহার করেই সব শিক্ষককে মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে ইউজিসি।

শুধু তরুণ শিক্ষকই নন, উপাচার্য ও ডিনসহ উচ্চশিক্ষা প্রশাসনের নীতিনির্ধারকদের জন্যও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু করা হবে। প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের দেশে এনে কর্মশালা আয়োজন করা হবে।

হাইয়ার এডুকেশন অ্যাক্সিলারেটর অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অধীনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১৬ অক্টোবর শুরু হওয়া এই কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষক অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএন
আরও পড়ুন