আসন্ন শীত মৌসুমে আফগানিস্তানে তীব্র খাদ্যসংকটে পড়াতে পারে প্রায় ১ কোটি ৯২ লাখ মানুষ। মঙ্গলবার (২০ অক্টোবর) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এ আশঙ্কার কথা জানিয়েছে।
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফগানিস্তানে ওসিএইচএর মুখপাত্র ওলগা চেরেভকো বলেন, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ১৫ দশমিক ৯ মিলিয়ন মানুষ সংকটপর্যায়ের বা তার চেয়ে খারাপ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। এর মধ্যে ৩ দশমিক ৪ মিলিয়ন মানুষ জরুরি অবস্থায় রয়েছে। শীতকালীন দুর্ভিক্ষ মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলবে। তখন সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ১৯ দশমিক ২ মিলিয়নে। এর মধ্যে পাঁচ মিলিয়ন মানুষ থাকবে জরুরি ক্ষুধার পর্যায়ে।
ওলগা চেরেভকো আরও বলেছেন, এটা দুর্ভিক্ষের এক ধাপ আগের অবস্থা।
আলাপকালে তিনি বলেন, শীত শুরু হওয়ার আগেই ব্যবস্থা নিতে হবে। পরিবারগুলো সব উপায় শেষ করে ফেলার পর নয়। খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে। গবাদিপশু ও উৎপাদনশীল সম্পদ রক্ষা করতে হবে। কৃষকদের সহায়তা দিতে হবে রোপণের সময়সীমা শেষ হওয়ার আগেই। স্বাস্থ্য, পুষ্টি ও পানির সেবা চালু রাখতে হবে।
২০২৭ সালে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী চার মিলিয়নের বেশি শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা লাগবে। এর মধ্যে এক মিলিয়নের বেশি শিশু ভুগবে মারাত্মক তীব্র অপুষ্টিতে। চেরেভকো বলেন, এসব শিশুর বাবা-মা পুষ্টিকর খাবার কিনতে পারছেন না। বছরের পর বছর সংঘাত, অর্থনৈতিক কষ্ট, খরা আর অন্যান্য ধাক্কায় পরিবারগুলোর সামলানোর ক্ষমতা কমে গেছে।
এ সংকটের মাঝে দেশজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ পুষ্টি কেন্দ্র বন্ধ বা স্থগিত হয়েছে। মূলত তহবিল সংকটের কারণে। চেরেভকো সতর্ক করেছেন, এ সেবাগুলো একবার উধাও হলে পরিণতি অপরিবর্তনীয় হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর আন্তর্জাতিক সহায়তা তীব্রভাবে কমেছে। জাতিসংঘ জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত জীবনরক্ষাকারী সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিলের ৩০ শতাংশেরও কম পাওয়া গেছে। প্রাকৃতিক দুর্যোগ আর ২০২৩ সাল থেকে ইরান ও পাকিস্তান থেকে জোরপূর্বক ফেরত আসা লক্ষাধিক আফগান পরিস্থিতি আরও খারাপ করেছে।
চেরেভকো বলেন, মানবিক সহায়তা জীবন বাঁচাতে পারে। কিন্তু অর্থনৈতিক সুযোগ আর জনসেবার অভাব পূরণ করতে পারে না অনির্দিষ্টকাল ধরে। খাদ্যসংকট শুধু খাবারের অভাব নয়। মানুষ সেই খাবার কিনতে বা পেতে পারছে কি না-সেটাই মূল সমস্যা।
এ বছর ভালো বৃষ্টি আর কৃষি উৎপাদন কিছুটা সাহায্য করেছে। কিন্তু কয়েক বছরের খরার ক্ষতি একটা ভালো ফসল দিয়ে মেটানো যায় না।
সূত্র: ব্যাংকক পোস্ট
পারস্য উপসাগরে ৪০টির বেশি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা
বাগদাদে এক মাসেই ৮২টি মানবপাচার মামলা
মার্কিন ঘাঁটি অঞ্চলে শুধু অস্থিরতা বাড়ায়: পেজেশকিয়ান