ফেনীর সোনাগাজীতে মাদকসেবী ও কারবারিদের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করতে গিয়ে হামলায় আহত এক বাবার করুণ মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হানিফ (৫৫), যিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হানিফ উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াদ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের খরচের জন্য ঘরে জমানো ২০ হাজার টাকা চুরি করে বখাটে ছেলে মেহেরাজ। টাকা চুরির পর সে স্থানীয় মাদককারবারিদের সাথে তা উড়িয়ে দেয়।
ছেলেকে শাসন করা এবং মাদকের সঙ্গ ছাড়তে বলার অপরাধে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মাদক চক্র। গত ৯ অক্টোবর জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ মাদককারবারিরা ধারালো অস্ত্র নিয়ে হানিফের ওপর অতর্কিত হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনাগাজী মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
ট্রাম্প-রুবিওর নীরবতায় বেপরোয়া ইসরায়েল