বাংলাদেশ মেইল২৪-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন গুণীজনরা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেইল২৪.নিউজের সম্পাদক এম এ রাশেদ তালুকদার। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির স্টাফ রিপোর্টার মো. জাহেরুল ইসলাম ও নিউজ প্রেজেন্টার জান্নাতুল নাঈম টুম্পা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজের প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি সান-এর ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি দিনেশ মাহাতো।

অনুষ্ঠানে বাংলাদেশ মেইল২৪.নিউজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় ব্যুরোপ্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ উপস্থাপনা, অনুসন্ধানী প্রতিবেদন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

বর্ষসেরা রিপোর্টার বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ মেইল২৪.নিউজের বিশেষ প্রতিনিধি মো. আসাদুজ্জামান। দ্বিতীয় হন মানিকগঞ্জের সিঙ্গাইর প্রতিনিধি সোহরাব হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি শাকিল হোসাইন।

অন্যদিকে, মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার নির্বাচিত হন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার।

অনুষ্ঠানে সাংবাদিকতা, লেখালেখি, শিক্ষা, মানবসেবা, সমাজসেবা ও চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য ডেইলি সান-এর ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরী, মানবসেবায় অবদানের জন্য ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মতিহার সম্মাননা পান।

এ ছাড়া লেখক ও গণমাধ্যম বিশ্লেষক হিসেবে ওমায়ের আহমেদ শাওন, তৃণমূল শিক্ষায় অবদানের জন্য দোলন ভৌমিক এবং সমাজসেবায় অবদানের জন্য শাহাদাত হোসেন (খোকন) সম্মাননা স্মারক গ্রহণ করেন।

চলচ্চিত্র ও গণমাধ্যম অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চিত্রনায়ক জয় চৌধুরীকেও সম্মাননা দেওয়া হয়। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পর্বটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল।

আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ মেইল২৪.নিউজ পাঠকদের মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ-বিদেশে ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা গড়ে তোলার ক্ষেত্রে পোর্টালটির ভূমিকার প্রশংসা করেন তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ মেইল২৪.নিউজ ভবিষ্যতেও পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করবে। একই সঙ্গে দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের কাজের স্বীকৃতি প্রদান, প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানোর সুযোগ তৈরি হয়।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত