সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে অবরোধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার, যা ৩ দশমিক ১৪ শতাংশ।
একই দিনে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।
বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সর্বশেষ গত ২৯ এপ্রিল অপরিশোধিত জ্বালানি তেলের দামে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তুঙ্গে ছিল।
বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব হামলার কারণে তেল সরবরাহে সম্ভাব্য প্রভাব নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি আরও বাড়িয়েছে।
তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্স জানিয়েছে, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো দিন শেষ করেছে পতনের মধ্য দিয়ে।
সূত্র: রয়টার্স।
কানাডাকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা
তাদের টার্গেটটা মিস হয়ে গেছে: আসিফ আকবর