বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে প্রবেশ, তথ্য চুরি ও ক্ষতিকর সফটওয়্যার স্থাপন করতে পারেন হ্যাকাররা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত ত্রুটি দুটি প্রকাশ্যে আসে। এগুলোকে CVE-2026-109618 ও CVE-2026-109619 শনাক্তকরণ নম্বর দেওয়া হয়েছে। ত্রুটি দুটি সমাধানে নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে পিএইচপি ফাউন্ডেশন। তবে অনেক সার্ভারে এখনো হালনাগাদ না পৌঁছানোয় ঝুঁকি রয়ে গেছে।
পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল ও জুমলার মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ওয়েবসাইট তৈরি করা হয়। নিরাপত্তা গবেষকেরা জানিয়েছেন, ২০২৪ সালে ত্রুটি দুটি শনাক্ত হলেও সম্প্রতি এগুলো কাজে লাগিয়ে হামলার কার্যকর কৌশল বের করা সম্ভব হয়েছে।
এ ত্রুটির মাধ্যমে আক্রান্ত সার্ভারে দূর থেকেই ক্ষতিকর নির্দেশনা চালানো সম্ভব হতে পারে। এ ধরনের আক্রমণকে বলা হয় ‘রিমোট কোড এক্সিকিউশন’। এর সাহায্যে হ্যাকাররা গুরুত্বপূর্ণ তথ্য চুরি, ক্ষতিকর সফটওয়্যার স্থাপন কিংবা ভবিষ্যতে আবারও সার্ভারে প্রবেশের ব্যবস্থা করতে পারেন।
ক্যালিফ নামের একটি প্রতিষ্ঠানের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পিএইচপির কোড বিশ্লেষণ করে ত্রুটিগুলো শনাক্ত করেন। এ কাজে ওপেনএআই ও ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের ‘হ্যাক দ্য প্ল্যানেট’ উদ্যোগও যুক্ত ছিল।
এদিকে, নিরাপত্তা হালনাগাদ প্রকাশের আগেই ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলার ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছে অ্যামাজন। পালো অল্টো নেটওয়ার্কস ও ট্রেইল অব বিটসও ত্রুটি কাজে লাগিয়ে অনুপ্রবেশের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
ঝুঁকি এড়াতে ওয়েবসাইট পরিচালকদের দ্রুত পিএইচপির নিরাপত্তা হালনাগাদ ইনস্টল, সার্ভারের লগ পরীক্ষা এবং অননুমোদিত প্রবেশের লক্ষণ শনাক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আ. লীগকে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন