ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম

দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। তবে কলেজের শিক্ষার্থীদের ছুটি শেষ হচ্ছে আরও কয়েক দিন পর। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় টানা ছুটি ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া ছুটির বিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ পান।

ছুটির তালিকা অনুযায়ী, ২২ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ১০ দিন বন্ধ ছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি শেষ হওয়ায় আজ থেকে শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও কয়েক দিন চলবে। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয়েছে। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ১ নভেম্বর থেকে কলেজগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে।

এমইউ
আরও পড়ুন