কেন বন্ধ হলো রাজধানীর ঐতিহ্যবাহী কর্ণফুলী গার্ডেন সিটি?

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম

রাজধানীর কাকরাইলে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স’ চিরতরে বন্ধ ঘোষণা করা হয়েছে। নব্বইয়ের দশকের শেষের দিকে যাত্রা শুরু করা এই বিপণিবিতানটি একসময় মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতাদের প্রধান আকর্ষণ ছিল।

পণ্য কেনাবেচা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দোকানমালিকরা সর্বসম্মতিক্রমে গত ১ অক্টোবর থেকে মার্কেটটি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেন। গত সোমবার (২৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, শপিং কমপ্লেক্সের মূল ফটক বন্ধ এবং একটি নোটিশ ঝুলছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৮ সালে বহুতল ভবনের বেজমেন্টসহ চার তলা নিয়ে এই শপিং মল চালু হয়। যেখানে ১৯৮টি দোকানের মধ্যে ১২৫ জন ব্যবসায়ী মালিকানা কিনেছিলেন। তবে সময়ের বিবর্তনে বেচাকেনা কমতে থাকায় বন্ধের আগে মাত্র ২৫টি দোকান চালু ছিল।

মার্কেটটি ক্রেতাশূন্য হয়ে পড়ার পেছনে মূলত কয়েকটি কারণ ছিল বলে জানান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। এর মধ্যে মগবাজার-মালিবাগ ফ্লাইওভার নির্মাণের দীর্ঘসূত্রতা এবং করোনাভাইরাস মহামারির আর্থিক ধাক্কা অন্যতম।

এছাড়া মার্কেটের কিছু প্রসাধনীর দোকানে মানহীন পণ্য বিক্রির অভিযোগ ওঠে, যা মার্কেটের দীর্ঘদিনের সুনাম নষ্ট করে। ফ্লাইওভার তৈরির সময় যেসব ব্যবসায়ী অন্য মার্কেটে সরে গিয়েছিলেন, তারা আর ফেরেননি।

বর্তমানে শপিং কমপ্লেক্সটির জায়গা পুরোপুরি বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া চলছে। হাসপাতাল, ব্যাংক বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের কাছে এটি হস্তান্তরের বিষয় আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত