ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র রাখতে ভোট দিন: বেন গাভির

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির আরব ভোটারদের বেশি সংখ্যায় ভোট দিতে যাওয়ার বিষয়টি উল্লেখ করে নিজের সমর্থকদেরও ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টেবার) আরব অধ্যুষিত কাফর কাসেম শহর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

বেন গাভিরের দাবি, আরব সম্প্রদায়ের মধ্যে ভোট দেওয়ার হার ‘অস্বাভাবিক রকম বেশি’। এই পরিস্থিতি মোকাবিলায় তাঁর দল ওতজমা ইহুদিতের সমর্থকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

ভিডিও বার্তায় বেন গাভির বলেন, ‘এখন দায়িত্ব আপনাদের হাতে। আপনারা যদি চান, এই দেশ ইহুদি ও জায়োনিস্ট রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যদি না চান দেশটির নিয়ন্ত্রণ মানসুর আব্বাস ও আহমাদ তিবির হাতে চলে যাক, তাহলে বেরিয়ে আসুন এবং ভোট দিন।’

মানসুর আব্বাস আরব-সমর্থিত রা’আম পার্টির নেতা। অন্যদিকে, আহমাদ তিবি জয়েন্ট লিস্টের একজন সদস্য। তাঁদের নাম উল্লেখ করে বেন গাভির নির্বাচনে নিজের সমর্থকদের ভোট দেওয়ার তাগিদ দেন।

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন ঘিরে প্রচারের শেষ পর্যায়ে আরব ভোটারদের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। তবে আরব সম্প্রদায়ের ভোটদানের হার নিয়ে বেন গাভিরের দাবির পক্ষে কোনো পরিসংখ্যান প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র:  দ্য টাইম্স অব ইসরাইল

এটিটিআর
আরও পড়ুন