চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ রেখেছে ভারতীয় পক্ষ। পণ্য খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থানের নির্দেশনা নিয়ে জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকচালক ও সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। আগেও এমন ঘটনায় কয়েকজন আটক হয়েছেন।
এ কারণে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করতে বলা হয়। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে বলে জানান তিনি।
সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ভারতীয় ট্রাকচালকেরা পানামা বন্দরে ট্রাক রেখে অন্য ট্রাকে করে ভারতে ফিরে যান। তবে কাস্টমস কর্তৃপক্ষ এতে আপত্তি জানায়। পণ্য খালাস শেষে ট্রাকসহ ভারতে ফেরার পরিবর্তে বন্দরের ভেতরেই ট্রাক থেকে পণ্য খালাস করে যাওয়ার নির্দেশনা চায় কর্তৃপক্ষ। এ নিয়ে সৃষ্ট জটিলতায় ভারতীয় পক্ষ পণ্য সরবরাহ বন্ধ রেখে চিঠি দিয়েছে।
মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর
ময়নাতদন্ত শেষে তাহসিফ সাউরির দাফন সম্পন্ন