চীনের নতুন রকেটে ১৮ স্যাটেলাইট উৎক্ষেপণ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

লিজিয়ান-২ ওয়াই২ রকেটের মাধ্যমে স্পেসসেইল নক্ষত্রপুঞ্জের ১৮টি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পাঠিয়েছে চীন। বড় পরিসরে স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপনে এই প্রথম রকেটটি ব্যবহার করা হলো। 

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ডংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রকেটটি স্পেসসেইল নক্ষত্রপুঞ্জের ১৮টি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এসব স্যাটেলাইট চীনের বাণিজ্যিক নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্কের অংশ।

লিজিয়ান-২ রকেটের মাধ্যমে বড় পরিসরে স্যাটেলাইট ইন্টারনেট নক্ষত্রপুঞ্জ স্থাপনের অভিযান এবারই প্রথম। এর মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট যোগাযোগব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগোল চীন। লিজিয়ান-২ একটি তরল জ্বালানিচালিত ক্যারিয়ার রকেট। চীনের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান সিএএস স্পেস এটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রকেটটিতে ‘ইউনিভার্সাল বুস্টার কোর’ কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যা চীনের উৎক্ষেপণযান প্রযুক্তিতে প্রথম। ৫০০ কিলোমিটার উচ্চতার সূর্য-সমলয় কক্ষপথে এটি সর্বোচ্চ ৮ টন এবং ২০০ কিলোমিটার উচ্চতার নিম্ন-পৃথিবী কক্ষপথে ১২ টন পর্যন্ত পেলোড বহন করতে পারে।

সিএএস স্পেস জানিয়েছে, লিজিয়ান-২ রকেটের এটি দ্বিতীয় উড্ডয়ন। আর লিজিয়ান সিরিজের মোট ১৮তম উৎক্ষেপণ। প্রতিষ্ঠানটির দাবি, এ সিরিজের রকেটের মাধ্যমে এ পর্যন্ত একটি মহাকাশযান ও ১৩৯টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। কক্ষপথে স্থাপিত এসব পেলোডের মোট ভর ২৭ টনের বেশি। দেশি-বিদেশি প্রায় ৪০টি গ্রাহকের জন্য সেবা দিয়েছে লিজিয়ান সিরিজ।

সূত্র: সিনহুয়া

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত