প্রযুক্তি শিল্পে গত কয়েক মাসে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রবণতা জনপ্রিয় হয়ে উঠছে। মাইক্রোসফট ও গুগলের পথ ধরে এবার মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটাও ফ্রান্সে কর্মীদের বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।
ফরাসি প্রকাশনা ‘লা লেত্রে’র প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে মেটার প্রায় ৩০০ কর্মী রয়েছেন। নতুন এ পরিকল্পনার আওতায় প্রায় ১০০ জন কর্মী চাকরি ছাড়তে পারেন। তবে কোন কোন পদের কর্মীরা এ সুযোগ পাবেন, তা এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ চুক্তির ভিত্তিতে চাকরি ছাড়ার এ প্রক্রিয়া নিয়ে গত জুলাই থেকে আলোচনা চলছে। মেটার প্রস্তাব অনুযায়ী, চাকরির প্রতি বছরের জন্য কর্মীরা আড়াই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। পাশাপাশি ১০ মাসের জন্য গতিশীলতা ছুটি দেওয়া হবে। এ সময়ে তাদের মোট বেতনের ৮০ শতাংশ পরিশোধ করা হবে।
এ ছাড়া পেশাগত পুনর্বাসন কিংবা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও কর্মীদের সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মেটা।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি চূড়ান্ত হলে এটি বর্তমান সময়ের অন্যতম উদার ক্ষতিপূরণ প্যাকেজ হতে পারে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ক্যানভা ১ হাজার ২৭০ জন ছাঁটাই হওয়া কর্মীকে বিনা মূল্যে ম্যাকবুক ও লিংকডইন প্রিমিয়ামসহ ক্ষতিপূরণ প্যাকেজ দিয়েছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মীসংখ্যা ও সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করছে। এর অংশ হিসেবে গুগল ফ্রান্সসহ পাঁচটি দেশের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছে। অন্যদিকে মাইক্রোসফট যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যের ৬০ হাজার যোগ্য কর্মীর জন্য বাইআউট কর্মসূচি ঘোষণা করেছে।
মেটার এ উদ্যোগের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির আগের কর্মী ছাঁটাই ও পুনর্বিন্যাস পরিকল্পনা। গত এপ্রিলে বিশ্বব্যাপী মোট কর্মীর ১০ শতাংশ বা প্রায় ৮ হাজার পদ বিলুপ্ত করার পরিকল্পনা ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এরপর মে মাসে ৭ হাজার কর্মীকে এআই-সংশ্লিষ্ট কার্যক্রমে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এর আগে জানিয়েছিলেন, এআইয়ের মাধ্যমে এখন এমন কিছু প্রকল্প একাই সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যেগুলোর জন্য আগে বড় দলের প্রয়োজন হতো।
ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টারের জন্য ২০২৬ সালে ১৩৫ বিলিয়ন থেকে ১৪৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের পরিকল্পনা রয়েছে মেটার। একই সঙ্গে ‘মিউজ’ প্রকল্পের মাধ্যমে ব্যক্তিগত এআই এজেন্ট তৈরিতেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়া টুডে
ইরানের ইন্টারনেট নিয়ন্ত্রণে আইআরজিসির করপোরেট নেটওয়ার্ক
ইরানের সীমান্ত থেকে ছোড়া গুলিতে তুর্কি সেনা নিহত