ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন নিজেদের অভ্যন্তরেই ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর যে চেষ্টা ওয়াশিংটন চালিয়েছে, তা উল্টো তাদের জন্য সংকট তৈরি করেছে বলে দাবি করেছেন তিনি।
তেহরানে ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাইয়েব এসব কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তাইয়েব বলেন, ‘আজ আমরা বলছি, আমেরিকা ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখা যাবে।’
তার দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার ওয়াশিংটনের উচ্চাকাঙ্ক্ষা এখন যুক্তরাষ্ট্রের ভেতরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি তুলে ধরেন তিনি। এসব প্রতিবাদকে মার্কিন নীতির বিরুদ্ধে বাড়তে থাকা জনমতের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন বাসিজপ্রধান।
তাইয়েব আরও দাবি করেন, বিদেশে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয় এবং যুদ্ধের প্রভাব নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে ক্লান্তি ও প্রশ্ন বাড়ছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ‘পরিবর্তন শুরু হয়েছে’—তাইয়েবের এই বক্তব্য তাঁর রাজনৈতিক মূল্যায়ন ও দাবি; প্রতিবেদনে এর পক্ষে কোনো স্বতন্ত্র জনমত জরিপ বা পরিসংখ্যান উল্লেখ করা হয়নি।
ইসরায়েলে ক্ষমতা দখলে নেতানিয়াহুর অভ্যুত্থানচেষ্টা!