হুথি হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

ইয়েমেনে হুথি বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় জাতিসংঘের এক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মোহাম্মদ আল-শামি নামের ওই কর্মী আটক অবস্থায় নির্যাতন বা দুর্ব্যবহারের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আল-শামির আটককালীন পরিস্থিতি, তিনি যথাসময়ে পর্যাপ্ত চিকিৎসা পেয়েছিলেন কি না এবং তাঁর পরিবার ও জাতিসংঘকে দ্রুত মৃত্যুর খবর জানানো হয়নি কেন—এসব বিষয় তদন্তের আওতায় আনতে হবে।

ডুজারিক সতর্ক করে বলেন, আল-শামির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ প্রযোজ্য আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

মোহাম্মদ আল-শামি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরে কাজ করতেন। হুথি বাহিনীর নির্বিচার আটকাবস্থায় মৃত্যুবরণ করা জাতিসংঘের দ্বিতীয় কর্মী তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আল-শামির মৃত্যু হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। তবে তাঁর পরিবারকে সম্প্রতি মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি এবং আটক অবস্থায় তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে জানার দাবি জানিয়েছে জাতিসংঘ।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত