খামেনির নিরাপত্তার দাবিতে কাফনের কাপড় পরে ইরানে নারীদের বিক্ষোভ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকির জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দেশটির একদল কট্টরপন্থী নারী। তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদর দপ্তরের বাইরে আয়োজিত বিক্ষোভে সাদা কাফনের কাপড় পরে তাঁরা অভিযোগ করেন, সর্বোচ্চ নেতার নির্দেশ মানছে না সশস্ত্র বাহিনী।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে খামেনির জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাতে লেখা একটি পোস্টারে বলা হয়, ‘ইমামের জীবন বিপন্ন। এখনই পদক্ষেপ নিন। কাল অনেক দেরি হয়ে যাবে।’

সামরিক কমান্ডারদের উদ্দেশে দেওয়া একটি হলুদ ব্যানারে বলা হয়, গত ৩১ অক্টোবর খামেনির দেওয়া নির্দেশ এখনো বাস্তবায়িত হয়নি। ওই নির্দেশে হুমকির জবাবে ভৌগোলিক সীমারেখা ছাড়াই ‘তাৎক্ষণিক ও কার্যকর হামলা’ চালানোর কথা বলা হয়েছিল বলে ব্যানারে উল্লেখ করা হয়।

এতে আরও লেখা ছিল, ‘তারা আবারও ইমামকে হুমকি দিয়েছে! দেরি হওয়ার আগেই নির্দেশ মানুন।’

বিক্ষোভে মাইকে দেওয়া বক্তব্যে খামেনির ওই নির্দেশের কথা উল্লেখ করা হয়। এরপর বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘হে সশস্ত্র বাহিনী, নেতার নির্দেশ অমান্য করা থেকে সাবধান! আমরা নীরব দাঁড়িয়ে থাকলে তা হবে লজ্জার!’

বিক্ষোভের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাবনাক বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে।

তাবনাকের প্রকাশিত মন্তব্যে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তোলা হয়। একই সঙ্গে তাদের আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও সতর্ক করা হয়।

ঘটনাটি ইরানের অভ্যন্তরে সর্বোচ্চ নেতার নিরাপত্তা ও সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে চাপের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কট্টরপন্থী সমর্থকদের বিরোধের ইঙ্গিত দিচ্ছে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, সামরিক বাহিনীর অবস্থান কিংবা তাবনাকের সতর্কবার্তার পর কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে—তা প্রতিবেদনে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত