যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটক করা সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছেন ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার এ তথ্য জানিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) তেহরান থেকে প্রকাশিত মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি বলেন, শত্রুপক্ষের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিশ্লেষণ করে সেগুলোর নকশা, কার্যপ্রণালি ও প্রযুক্তিগত সক্ষমতা অনুধাবনের উদ্যোগ নতুন নয়। শহীদ আইআরজিসি কমান্ডার হাসান তেহরানি-মোকাদ্দামের সময় থেকেই এ ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শুরু হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে।
অ্যারোস্পেস ন্যাশনাল পার্কের দায়িত্বে থাকা জেনারেল বালালি বলেন, শত্রুপক্ষের কাছ থেকে আটক করা বেশ কিছু সামরিক সরঞ্জাম বর্তমানে ইরানের প্রতিরক্ষা শিল্পে কর্মরত বিশেষজ্ঞ ও তরুণ প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। এসব সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে সেগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে।
তিনি বলেন, বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং দেশের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোই এসব উদ্যোগের মূল লক্ষ্য। ইরানের তরুণ বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন।
এ সময় অ্যারোস্পেস ন্যাশনাল পার্কের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন জেনারেল বালালি। তিনি জানান, ২০২০ সালে কার্যক্রম শুরু করা এই পার্কে ইরানের সশস্ত্র বাহিনীর অর্জন পাঁচটি ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে। ক্ষেত্রগুলো হলো—ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি।
ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে বলেও উল্লেখ করেন আইআরজিসির এই কর্মকর্তা।
মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ
শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি, বদলাতে পারে সিলেবাস-নম্বর বণ্টন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতা নিয়ে বিতর্ক