কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগকে খুব বেশি বাস্তবসম্মত বলে মনে করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এআইয়ের অপব্যবহার ঠেকাতে তাঁর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে একটি বড় এআই প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার ঘটনাও জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া সাক্ষাৎকারে এআই নিরাপত্তা নিয়ে প্রযুক্তি নির্বাহীদের সতর্কবার্তা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এআইয়ের ঝুঁকি যতটা বড় করে তুলে ধরা হয়, বাস্তবে তা ততটা নয়। তাঁর মতে, এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং প্রশাসন তা করছে।
ট্রাম্প দাবি করেন, এআই ব্যবহার করে ক্ষতিকর কিছু করার অভিযোগে এক ব্যক্তির বিষয়ে তাঁদের কাছে তথ্য এসেছিল। এরপর বিচার বিভাগ (ডিওজে) ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে কঠোরভাবে সতর্ক করে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিকে বলা হয়েছিল, ‘জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। যাওয়ার আগে স্ত্রীকে শুভরাত্রির চুমু দিয়ে আসুন।’
তবে ওই ব্যক্তির নাম কিংবা তাঁর প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করেননি ট্রাম্প। শুধু বলেছেন, তিনি বড় একটি এআই কোম্পানির প্রধান।
ট্রাম্পের দাবি, গ্রেপ্তারের হুমকি পাওয়ার পর ওই ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনেন। তবে কী ধরনের ক্ষতিকর কাজের অভিযোগ উঠেছিল কিংবা কী পরিবর্তন করা হয়েছিল, সে বিষয়ে সাক্ষাৎকারে বিস্তারিত জানাননি তিনি।
সাক্ষাৎকারে এআই প্রযুক্তির ওপর নিরাপত্তামূলক বিধিনিষেধ বা ‘গার্ডরেইল’ আরোপের বিষয়েও কথা বলেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের সঙ্গে এআই নিরাপত্তা নিয়ে কাজ করতে রাজি কি না—এমন প্রশ্নে তিনি ইতিবাচক উত্তর দেন।
ট্রাম্প বলেন, তিনি নিরাপত্তামূলক বিধিনিষেধের বিরোধী নন। তবে এমন কোনো নিয়ন্ত্রণ চান না, যা এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে চীনের তুলনায় পিছিয়ে দেবে।
তাঁর দাবি, এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে চীনের ক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তই কার্যত সবচেয়ে বড় নিয়ন্ত্রণব্যবস্থা।
সাক্ষাৎকারে ট্রাম্প ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ (এসআই) নাম ব্যবহারের পক্ষেও কথা বলেন। তাঁর মতে, ‘সুপার ইন্টেলিজেন্স’ নামটি বেশি যথাযথ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এ ধরনের প্রযুক্তির প্রতি আগ্রহী বলে দাবি করেন তিনি।
তবে এআই নিরাপত্তা নিয়ে ট্রাম্পের বক্তব্যের পাশাপাশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, সরকারের নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তি প্রতিযোগিতায় নিরাপত্তার সীমা কোথায় নির্ধারিত হবে—সেই প্রশ্নও সামনে এসেছে।
রিয়াদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজায়ির