জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ নারী শিল্পীর সংগীতযুদ্ধ—দুই ভিন্ন গল্প নিয়ে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই তথ্যচিত্র।
আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে বাংলাদেশের জন্য সুখবর। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে আয়োজিত ‘জাপান প্রাইজ ২০২৬’-এর প্রপোজাল পিচ বিভাগের চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি তথ্যচিত্র। একটি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নদী ও চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম নিয়ে, অন্যটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ নারী সংগীতশিল্পীর স্বপ্ন ও লড়াইয়ের গল্প।
বাংলাদেশের নির্বাচিত তথ্যচিত্র দুটি হলো হাসানুল হক জ্যাকির ‘ক্ষুদে বাড়ি’ এবং মাহফুজা আক্তারের ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’। প্রতিযোগিতার এ বিভাগে মোট ছয়টি প্রকল্প চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে। বাংলাদেশ ছাড়া ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে একটি করে প্রকল্প নির্বাচিত হয়েছে।
দুর্যোগের মুখে টিকে থাকার নতুন ভাবনা ‘ক্ষুদে বাড়ি’
হাসানুল হক জ্যাকির ‘ক্ষুদে বাড়ি’ তথ্যচিত্রের কেন্দ্রে রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে নদীতীরবর্তী ও চরাঞ্চলের মানুষের অনিশ্চিত জীবন। নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের জন্য সহজে নির্মাণযোগ্য, স্বল্পব্যয়ের এবং প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়—এমন একটি ছোট বাড়ি নির্মাণের উদ্যোগ তুলে ধরা হয়েছে এতে।
তথ্যচিত্রটি শুধু একটি বাড়ি নির্মাণের গল্প নয়; এর মধ্য দিয়ে উঠে আসবে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের নিরাপদ আশ্রয়ের সন্ধান এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সংগ্রাম।
স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হাসানুল হক জ্যাকি এর আগে ‘দ্য স্টোরি অব দ্য ডিউ’ নির্মাণ করে প্রশংসা পেয়েছেন।
পাঁচ নারী সংগীতশিল্পীর স্বপ্ন ও সংগ্রাম ‘এফ মাইনর’
অন্যদিকে, ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’ নির্মাণ করছেন মাহফুজা আক্তার। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে গঠিত ব্যান্ড ‘এফ মাইনর’-এর পাঁচ সদস্যের ব্যক্তিগত জীবন, সংগীতচর্চা এবং একটি ব্যান্ডকে প্রতিষ্ঠিত করার সংগ্রামই তথ্যচিত্রটির মূল উপজীব্য।
সংগীতের জগতে নিজেদের জায়গা তৈরি করতে গিয়ে এই পাঁচ নারীকে যেসব বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেসব অভিজ্ঞতাও উঠে আসবে এতে। নির্মাতার উদ্দেশ্য, তরুণ নারী শিল্পীদের অনুপ্রাণিত করা এবং সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠার সম্ভাবনা তুলে ধরা।
মাহফুজা আক্তার এর আগে রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টার (আরএনটিসি) থেকে ফেলোশিপ পেয়েছেন। জার্মানির প্রিক্স জুনেস ফাউন্ডেশন আয়োজিত শিশুদের জন্য টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি। তাঁর অর্জনের তালিকায় রয়েছে কালারস অব এশিয়া (২০১৭), ওয়ান এশিয়া (২০১৮) এবং পিএমএ গ্লোবাল গ্রান্ট (২০১৯)।
পুরস্কার জিতেছে যেসব আন্তর্জাতিক নির্মাণ
এ বছর জাপান প্রাইজের বেস্ট ওয়ার্ক বিভাগে পুরস্কার পেয়েছে আয়ারল্যান্ডের ‘ম্যাডি প্লাস ট্রিগস ডগস উইদ জবস’, তাইওয়ানের ‘পাই পাই টাইফুনস কামিং’, গ্রিস, ফ্রান্স ও ডেনমার্কের যৌথ প্রযোজনা ‘বাগবয়’ এবং ডেনমার্ক ও চেক রিপাবলিকের ‘মি. নোবডি এগেইনস্ট পুতিন’।
অ্যাওয়ার্ড অব অনারস পেয়েছে যুক্তরাজ্যের ‘মিক্সমাপস দ্য হারি আপ স্যান্ডউইচ’, অস্ট্রেলিয়ার ‘রেপ্লিকা’ এবং জাপান ও সুইজারল্যান্ডের যৌথ প্রযোজনা ‘কালারফুল: ফ্রেন্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। স্পেশাল প্রাইজ জিতেছে অস্ট্রেলিয়ার ‘টেলস ফ্রম কোয়ার্টার সাবার্বিয়া মুনফিশ’।
টোকিও উৎসবেই জানা যাবে প্রপোজাল পিচের বিজয়ী
আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান প্রাইজ ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে ঘোষণা করা হবে প্রপোজাল পিচ বিভাগের বিজয়ীর নাম। ফলে বাংলাদেশের দুই তথ্যচিত্রের সামনে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় স্বীকৃতি অর্জনের সুযোগ।
শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণকে উৎসাহিত করতে ১৯৬৫ সাল থেকে জাপান প্রাইজের আয়োজন করে আসছে এনএইচকে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর ৫৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ৪১৩টি কনটেন্ট ও নির্মাণপ্রস্তাব জমা পড়েছে।
জলবায়ু পরিবর্তনের বাস্তবতা থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের সাংস্কৃতিক সংগ্রাম—দুটি ভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের এই দুই নির্মাণের নির্বাচিত হওয়া দেশের তথ্যচিত্র নির্মাণের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
আজ বিশ্ব বিজ্ঞান দিবস
ইয়েমেনে হুথিদের হামলায় ৩৩ বেসামরিক নাগরিক নিহত
জবি ক্যাম্পাসে নাশকতার চেষ্টা প্রতিহতের আহ্বান উপাচার্যের
মুহাম্মদ (সা.) কোথায় কোথায় ভ্রমণ করেছেন: কোরআন-হাদিসে উঠে এসেছে যেসব সফরের ইতিহাস