গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তায় তদন্তের পর ওই সেনাসদস্যকে আটক করা হয়।

ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যে রুশ গুপ্তচর সন্দেহে একের পর এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের ঘটনার মধ্যে সর্বশেষ এ ঘটনা ঘটলো। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। লন্ডন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ওই মার্কিন সেনাসদস্যকে গ্লুচেস্টারের কাছে আটক করা হয়েছে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই গুরুত্বপূর্ণ এ গ্রেপ্তার ও তদন্ত সম্ভব হয়েছে। অভিযোগগুলো গুরুতর এবং তদন্ত এখনো চলছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল এ ঘটনায় যুক্তরাজ্যের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। লন্ডন পুলিশের বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট এ গ্রেপ্তার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে জানতে চাইলে এএফপিকে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলে। তবে মামলার বিস্তারিত জানতে সেনাবাহিনীর কাছে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। লন্ডন পুলিশের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিঞ্চন বলেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ বলে দিচ্ছে, প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে এবং এ ঝুঁকি সব সময় বিদ্যমান।

ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই রাশিয়া ও যুক্তরাজ্যের সম্পর্কের টানাপড়েন ছিল। গুপ্তচরবৃত্তি ও হত্যাচেষ্টার একাধিক ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। এর মধ্যে ২০০৬ সালে লন্ডনে সাবেক রুশ গুপ্তচর আলেক্সান্ডার লিটভিনেঙ্কোকে বিষ প্রয়োগে হত্যা এবং ২০১৮ সালে স্যালিসবারিতে দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনা উল্লেখযোগ্য।

সূত্র : এএফপি

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত