ইরানে নতুন হামলার প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র, আলোচনায় গতি

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকায় দেশটিতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্ত হিসেবে তেহরান ওয়াশিংটনকে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। এতে আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে।

প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান এতটাই কঠোর যে আপাতত বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান এতটাই ধ্বংসাত্মক যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। আজ এখানে মিত্রদেরও আমি এ কথাই জানিয়েছি।’

এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মন্তব্য করেন। উপসাগরীয় জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের দুর্বল ফলের পেছনে জ্বালানির মূল্যবৃদ্ধি অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে। এর আগে আগস্টে ইরানের অর্থনীতিকে আর্থিকভাবে চাপে ফেলার লক্ষ্যে ‘ইকোনমিক অ্যাসফিক্সিয়েশন’ বা অর্থনৈতিক শ্বাসরোধ অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আগে থেকেই চাপে থাকা ইরানের ওপর এভাবে চাপ আরও বাড়ানো হয়েছে।

যুদ্ধ বন্ধে সর্বাত্মক কূটনৈতিক উদ্যোগের আহ্বান

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড চলমান অচলাবস্থার অবসানে আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্যারিসে তিনি বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিস্থিতি আমাদের দেশগুলোর অর্থনীতিতে গভীর ক্ষতি করছে।’ তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো এবং বিশ্বজুড়ে এর সম্ভাব্য হুমকি মোকাবিলার পাশাপাশি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের পর ওয়াশিংটনের নতুন হামলার হুমকি কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনের বিষয়টি স্বীকার করছেন বলে মনে হচ্ছে। মঙ্গলবার তিনি বলেন, অদূর ভবিষ্যতে ইসরায়েলকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হতে পারে, যাতে তারা পারমাণবিক অস্ত্রধারী ইরান ও ইসরায়েলকে ধ্বংস করতে চাওয়া শাসনব্যবস্থাকে মেনে নেয়।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত