জোটে জায়গা পেতে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলার প্রস্তাব আব্বাসের

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি দিতে প্রস্তুত আরব দল রা’আমের চেয়ারম্যান মানসুর আব্বাস। মঙ্গলবার (১০ নভেম্বর) হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অন্য ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘প্রকৃত অংশীদারত্বের’ বিনিময়ে এমন স্বীকৃতি দিতে রাজি হয়েছেন তিনি। এতে নতুন সরকার গঠনে আরব দলটির সঙ্গে নেতানিয়াহুবিরোধী জোটের সমঝোতার পথ খুলতে পারে।

এর আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে অনীহা দেখিয়েছিলেন আব্বাস। তবে জোটের নেতা ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট রা’আমের অংশগ্রহণের শর্ত হিসেবে এ স্বীকৃতির দাবি জানিয়েছেন। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও এ বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, হামাসকে স্বীকৃতি দেওয়া আব্বাসের জন্য আলোচনার পথে বাধা হবে বলে মনে করেন না তিনি।

অন্যদিকে আব্বাস সরাসরি আলোচনা নিয়ে মন্তব্য না করলেও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তার দল বারবার হামাসকে বিলুপ্ত করার বিষয়টি মেনে নিয়েছে। একই সঙ্গে সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান ও নিন্দা করে রা’আম। আব্বাস বলেন, পরবর্তী সরকার ও জোটে অংশ নেওয়া তাদের মৌলিক অধিকার।

এদিকে রা’আমের সংসদ সদস্য ইয়াসের হুজাইরাত দাবি করেছেন, একটি সাক্ষাৎকারে হামাসকে ‘দাতব্য সংগঠন’ বলার বক্তব্য সম্পাদনা করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, হামাসকে দাতব্য সংগঠন মনে করেন না এবং সংগঠনটির হত্যাকাণ্ড ও অপহরণের তীব্র নিন্দা জানান।

তবে ইসরায়েল বেইতেনু নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর বাইরের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের বিরোধিতা করেছেন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোটের ৪৮ সদস্যের সংসদীয় শক্তি থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন তাদের নেই।

জোটটি পার্লামেন্টের স্পিকার আমির ওহানাকে সরিয়ে মাতান কাহানাকে বসানোর উদ্যোগ নিয়েছে। এতে সংসদে আইন প্রণয়নের সুযোগ বাড়বে বলে মনে করছে তারা। হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত