কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানের মানুষ, জানুন ইতিহাস

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

স্পেনের রাস্তাঘাট, পার্ক কিংবা জনাকীর্ণ চত্বরে প্রেমিক-প্রেমিকাদের প্রকাশ্যে চুমু খেতে দেখা খুবই স্বাভাবিক দৃশ্য।পরিচিতজনের সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানানোও দেশটির প্রচলিত সংস্কৃতির অংশ। তবে স্পেনের মানুষের প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের এই স্বাচ্ছন্দ্যের পেছনে রয়েছে দেশটির ইতিহাস, সামাজিক রীতিনীতি এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিবর্তনের গল্প।

স্পেনে প্রকাশ্যে চুমু খাওয়ার অন্যতম কারণ দেশটির সামাজিক জীবনযাপন। দেশটির মানুষের দৈনন্দিন জীবনের বড় অংশ কাটে খোলা জায়গায়— রাস্তার পাশের ক্যাফে, পার্ক কিংবা জনাকীর্ণ চত্বরে।

ইউনিভার্সিটি অব ওয়ারউইকের এক গবেষণায় দেখা গেছে, নতুন পরিচিত কারও সঙ্গে মেলামেশার ক্ষেত্রে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার প্রবণতা স্পেনে তুলনামূলক কম। এমনকি গ্রিস, ইতালি ও পর্তুগালের চেয়েও সেখানে মানুষ কম দূরত্ব বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

মাদ্রিদের কমপ্লুতেনসে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আমপারো লাসেনের মতে, উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় স্পেনের মানুষ শারীরিক ঘনিষ্ঠতা প্রকাশে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার ভাষায়, বিষয়টি এমন নয় যে স্পেনের মানুষ অন্যদের চেয়ে বেশি ভালোবাসাপ্রবণ; বরং তারা প্রকাশ্যে ভালোবাসা দেখাতে বেশি স্বচ্ছন্দ।

দেশটির আবাসনব্যবস্থাও এ সংস্কৃতিতে কিছুটা ভূমিকা রাখছে। স্পেনের প্রায় ৬৫ শতাংশ মানুষ অ্যাপার্টমেন্টে বসবাস করেন, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। বাড়িভাড়ার উচ্চমূল্য ও আবাসন সংকটের কারণে অনেক তরুণ-তরুণীও দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন।

ফলে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ সীমিত হয়ে পড়ছে। অনেক যুগলকে নিরিবিলি সময় কাটাতে পার্কের বেঞ্চ কিংবা তুলনামূলক নির্জন কোনো জায়গা খুঁজতে হয়।

তবে অধ্যাপক লাসেনের মতে, আবাসন সংকট নয়, বরং প্রকাশ্যে ভালোবাসা দেখানোর বিষয়ে সমাজের ইতিবাচক মনোভাবই এ সংস্কৃতির বড় কারণ।

তবে স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের পরিবেশ সব সময় এমন ছিল না। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্বৈরশাসনের সময় দেশটিতে রক্ষণশীল ক্যাথলিক মূল্যবোধ ও কঠোর আইনের প্রভাব ছিল। সমকামিতা অপরাধ হিসেবে বিবেচিত হতো। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের ওপরও ছিল নানা বিধিনিষেধ। এমনকি রাস্তায় চুমু খাওয়ার কারণে যুগলদের জরিমানাও করা হতো।

১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে বড় ধরনের সাংস্কৃতিক পরিবর্তন শুরু হয়। মাদ্রিদে গড়ে ওঠে লা মুভিদা মাদ্রিলেনিয়া নামে এক সাংস্কৃতিক আন্দোলন। চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারসহ অনেক শিল্পী তাদের কাজের মাধ্যমে পুরোনো রক্ষণশীল মূল্যবোধকে চ্যালেঞ্জ করেন। ধীরে ধীরে প্রকাশ্যে ভালোবাসা ও ব্যক্তিগত স্বাধীনতার প্রকাশ বাড়তে থাকে।

এ পরিবর্তনের পেছনে এলজিবিটি অধিকারকর্মীদের আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৮৬ সালে মাদ্রিদের পুয়ের্তা দেল সল চত্বরে চুমু খাওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করে দুই দিন আটক রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে পাবলিক স্ক্যান্ডাল আইনে ব্যবস্থা নেওয়া হয়।

এর প্রতিবাদে ১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি মাদ্রিদে গণচুমু কর্মসূচির আয়োজন করা হয়। পরবর্তী সময়ে প্রায় ১৯৯০-এর দশক পর্যন্ত মাদ্রিদের প্রতিটি প্রাইড মার্চের সমাপ্তি হতো ওই চত্বরে চুমু বিনিময়ের মধ্য দিয়ে। একসময় নিষিদ্ধ এই প্রকাশভঙ্গি হয়ে ওঠে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতীক। ১৯৮৮ সালে প্রকাশ্যে কেলেঙ্কারি সৃষ্টির অভিযোগে ব্যবহৃত আইনটিও বাতিল করা হয়।

বর্তমানে স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ অনেকটাই স্বাভাবিক হলেও সবাই সমানভাবে এ সুযোগ উপভোগ করেন না। অধ্যাপক লাসেনের মতে, বয়স্ক কোনো যুগল প্রকাশ্যে চুমু খেলে যেমন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তেমনি সমলিঙ্গের যুগলদেরও কখনো কখনো বেশি সামাজিক নজরদারির মুখে পড়তে হয়।

ভ্যালেন্সিয়ার সাবেক বিয়ের আলোকচিত্রী পলা ফুরিওর মতে, স্পেনে চুমু কেবল ভালোবাসার প্রকাশ নয়, এটি ব্যক্তিস্বাধীনতারও প্রতীক। তার ভাষায়, স্পেনের সমাজ অনেকটাই উদার হলেও এ ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে।

ফ্রাঙ্কোর শাসনামলের দীর্ঘ দমন-পীড়ন পেরিয়ে স্পেনে প্রকাশ্যে চুমু আজ স্বাভাবিক সামাজিক আচরণে পরিণত হয়েছে। তাই দেশটিতে চুমুর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হয়ত এর ব্যাপকতা নয়, বরং একসময় যে আচরণের জন্য শাস্তি পেতে হতো, আজ তা কতটা সহজ ও স্বাভাবিক হয়ে উঠেছে। সূত্র: বিবিসি

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত