ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট গিবরান রাকাবুমিং রাকা পদত্যাগ করেছেন। উচ্চমাধ্যমিকের সনদ নিয়ে বিতর্ক ও শিক্ষাগত যোগ্যতার বৈধতা প্রশ্নের মুখে পড়ার পর তিনি পদত্যাগ করেন। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও দেশটির পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। দেশটির পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পদত্যাগের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট প্রাসাদে গিবরানকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রবোও বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে’ তিনি গিবরানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। গিবরান ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে। তার বাবা প্রবোও সুবিয়ান্তোর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ছেলের পদত্যাগের পর জোকোউই সাংবাদিকদের বলেন, সরকারি দায়িত্বে থাকলে রাজনৈতিক নানা পরিস্থিতি ও পরিবর্তন আসবেই, এটি স্বাভাবিক। রাজনৈতিক পদ-পদবি সাময়িক, এ কথা তিনি ছেলেকে আগেও স্মরণ করিয়ে দিয়েছেন বলে জানান। সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, বৃহত্তর জনগণের স্বার্থে নেওয়া কর্মসূচিগুলোতে তার পরিবার প্রবোও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
৩৯ বছর বয়সী গিবরান পাঁচ বছর মেয়াদি দায়িত্বের মাত্র দুই বছর পূর্ণ করেই ভাইস প্রেসিডেন্টের পদ ছাড়লেন। সাম্প্রতিক আদালতের বিভিন্ন সিদ্ধান্তে তার শিক্ষাগত যোগ্যতা ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিতর্ক আরও জোরালো হয়। এদিকে ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন করে সাধারণ নির্বাচন আয়োজনের প্রয়োজন নেই। প্রেসিডেন্টের মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে ৬০ দিনের মধ্যে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি একজনকে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে।
সূত্র: আল-জাজিরা
‘ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ ভিত্তিহীন প্রোপাগান্ডা: ইসমাইল বাঘাই