যুদ্ধের প্রভাব শুধু মানুষের জীবন ও অবকাঠামোতেই সীমাবদ্ধ থাকে না, ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতি ও পরিবেশও। ইরানের পরিবেশ বিভাগের প্রধান শিনা আনসারি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত না হলে কার্যকর পরিবেশ কর্মসূচি বাস্তবায়ন কঠিন। সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের পরিবেশে যে ক্ষতি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শিনা আনসারি। ইরানের পরিবেশ বিভাগের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে আনসারি ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দুই দফা যুদ্ধের পরিবেশগত ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। বিশেষ করে জ্বালানি সংরক্ষণাগারে বিস্ফোরণের ফলে সৃষ্ট দূষণ এবং বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বিষয়টি উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের ঘটনা পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ সময় ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দুই যুদ্ধের বিষয়ে তুরস্ক সরকারের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান আনসারি। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হলে পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।
জবাবে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে তুরস্ক প্রস্তুত বলেও জানান তিনি।
ইলমাজ বলেন, গত বছর অনুষ্ঠিত জিরো ওয়েস্ট সামিটের পর দুই দেশের যৌথ পরিবেশ কমিটি আবারও সক্রিয় হয়েছে। প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের আবাসস্থল রক্ষায় এই সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের অভিন্ন দায়িত্বের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানেও যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তুরস্কের ভাইস প্রেসিডেন্ট।
ইরান-তুরস্ক সম্পর্ক জোরদারে দুই প্রেসিডেন্টের নতুন আঞ্চলিক অঙ্গীকার
মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান