ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা মনে করে ঘরে তৈরি বোমা মুখে দেওয়ার পর বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের জন্য তৈরি ওই বিস্ফোরক দেখতে অনেকটা রসগোল্লার মতো ছিল। মিষ্টি ভেবে সেটি মুখে দেওয়ার পরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।
মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজেন্দ্র বারৌটিয়া। তাঁর বয়স ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজেন্দ্র গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁকে মিষ্টির মতো দেখতে একটি বস্তু দেন। সেটিকে রসগোল্লা ভেবে মুখে পুরে দেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই বস্তুটি বিস্ফোরিত হয়। এতে রাজেন্দ্র গুরুতর আহত হন।
পুলিশ কর্মকর্তা রেখা সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, ওই এলাকার কিছু আদিবাসী বাসিন্দা বুনো শূকর শিকারের জন্য ঘরে তৈরি বিশেষ ধরনের বিস্ফোরক ব্যবহার করেন। তেমনই একটি বিস্ফোরক রাজেন্দ্রকে দেওয়া হয়েছিল। সেটি তাঁর মুখের ভেতরেই বিস্ফোরিত হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে। তবে রাজেন্দ্রকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরকটি দেওয়া হয়েছিল, নাকি নিছক মজা করার জন্য এমনটি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
স্থানীয়ভাবে বুনো শূকর শিকারের জন্য আতশবাজি বা পাথর খনিতে ব্যবহৃত বারুদ ময়দা কিংবা আটার গোলার মধ্যে ভরে এ ধরনের বিস্ফোরক তৈরি করা হয় বলে জানা গেছে। আকারে অনেকটা রসগোল্লার মতো হওয়ায় সেটিকে মিষ্টি ভেবেই ভুল করেছিলেন রাজেন্দ্র। সেই ভুলের পরিণতি হলো তাঁর মর্মান্তিক মৃত্যু।
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ের সময় চুপ ছিলেন ট্রাম্প, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজের কাছে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান