টানা ৫ দিন ধরে শূন্য রেখায় আটকে আছেন এক নারী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

সমাধান না হওয়ায় পাঁচ দিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার এক নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি-বিএসএফের কেউই দায়িত্ব নিতে চাচ্ছেন না তার।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে খোলা আকাশের নিচে দিনের তীব্র রোদ আর রাতের শিশির উপেক্ষা করেই শূন্য রেখায় থাকছেন তিনি। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।

এদিকে পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় একজন নারীর এমন অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে নিরাপদ ও মানবিক সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেএম
আরও পড়ুন