গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মহিবুল্লাহ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ ওই গ্রামের মৃত সুফি সাহেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহর মৃত্যু হয়। ইজিবাইকের তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী হওয়ার আহ্বান