ভিক্ষা বকেয়া পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। তার এই অভিনব পদ্ধতি এখন গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে দেখা যায়, দুই চোখে দৃষ্টিশক্তিহীন মোশাররফ হোসেন হাওলাদার নামে এক ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে একটি শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন।
মাইকিংয়ে তিনি ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন,এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যারা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতি সত্ত্বর বিল পরিশোধ না করলে সকলকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না।
এছাড়াও তিনি ঘোষণা দেন, আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তার এমন রসিকতাপূর্ণ ও ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে সৃষ্টি হয় হাস্যরসের পরিবেশ। অনেকেই থেমে তার কথা শোনেন, কেউ কেউ ছবি ও ভিডিও ধারণ করেন। বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাকে ভিক্ষাও দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, তিনি টাকা হাতে নিয়েই স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্যও শনাক্ত করতে পারেন বলে দাবি করেন।
পূবাইল বাজারের এক ব্যবসায়ী বলেন,ভিক্ষুক অনেক দেখেছি, কিন্তু এভাবে মাইকিং করে ভিক্ষা চাইতে আগে দেখিনি। তার কথাগুলো মজার হওয়ায় মানুষ আগ্রহ নিয়ে শুনছে।
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০