বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিস্তার ঘটেছে চার দশকেরও বেশি সময়ে। শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় ব্যবস্থাপকদের হাত ধরে শিল্পটি এখন দেশের প্রধান রপ্তানি খাতগুলোর একটি। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের শক্ত অবস্থান তৈরি হলেও শিল্পটির উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতার ক্ষেত্রে বিদেশি জনবলের ওপর নির্ভরতা এখনো পুরোপুরি কমেনি।
এই শিল্পের উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, ডায়িং-ফিনিশিং, মান নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স, শিল্প প্রকৌশল এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদেশি নাগরিকদের কাজ করছেন। উদ্যোক্তাদের একটি অংশের মতে, আধুনিক প্রযুক্তি পরিচালনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রেতাদের চাহিদা পূরণে বিদেশি বিশেষজ্ঞদের ভূমিকা রয়েছে। তবে শিল্পের এতো দীর্ঘ বিকাশের পরও এসব ক্ষেত্রে পর্যাপ্ত দেশীয় দক্ষ জনবল কেন তৈরি হয়নি, সেই প্রশ্নও রয়েছে।
বিদেশি কর্মীদের বেতন নিয়ে বিভিন্ন গবেষণায় দেশীয় কর্মকর্তাদের সঙ্গে বড় ধরনের ব্যবধানের তথ্য উঠে এসেছে। একই ধরনের দায়িত্বে বিদেশি কর্মকর্তারা দেশীয় কর্মকর্তাদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি বেতন পান। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতার ঘাটতি, প্রকৃত বেতন গোপন, কর ফাঁকি এবং অবৈধ পথে অর্থ স্থানান্তরের ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের উপপরিচালক ফায়জুর রাব্বীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন খাতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা ২৫ হাজার ২৬ জন। এই হিসাব শুধু তৈরি পোশাক ও বস্ত্র খাতের নয়; দেশের সব খাতের বিদেশি কর্মী এতে অন্তর্ভুক্ত। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ জানিয়েছেন, বেপজার আওতাধীন ইপিজেডগুলোতে বিদেশি কর্মী রয়েছেন দুই হাজার ৬০ জন। তাদের বড় একটি অংশ মার্চেন্ডাইজিং ও কারিগরি কাজে যুক্ত।
বিদেশি কর্মীদের কর্মসংস্থানের ধারাবাহিকতার আরেকটি চিত্র পাওয়া যায় ওয়ার্ক পারমিটের হিসাবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই অর্থবছরে বিদেশি কর্মীদের জন্য মোট ১৫ হাজার ৮৯৮টি ওয়ার্ক পারমিট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে নতুন অনুমোদন পাঁচ হাজার ৪৯১টি এবং নবায়ন ১০ হাজার ৪০৭টি। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে নতুন ওয়ার্ক পারমিট অনুমোদন দেওয়া হয়েছিল পাঁচ হাজার ৭৬১টি এবং নবায়ন হয়েছিল নয় হাজার ৯৪৭টি। অর্থাৎ নতুন অনুমোদন কিছুটা কমলেও নবায়নের সংখ্যা বেড়েছে। তবে ওয়ার্ক পারমিটের এই হিসাবকে দেশে কর্মরত বিদেশি কর্মীর মোট সংখ্যা হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ এতে একই ব্যক্তির নবায়ন করা পারমিটও অন্তর্ভুক্ত থাকে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক ও লিটল স্টার স্পিনিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, উৎপাদন ব্যবস্থাপনা, ডায়িং, উৎপাদন তদারকি ও কারিগরি কাজে বিদেশি পেশাজীবীরা কাজ করছেন। তাদের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকের সংখ্যা তুলনামূলক বেশি। তার মতে, দেশীয় কর্মীদের দক্ষতা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং অত্যাধুনিক যন্ত্র পরিচালনার সক্ষমতার ঘাটতির কারণে অনেক প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী হয়।
নিজের কারখানার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একসময় প্রায় এক হাজার ১০০ শ্রমিক দিয়ে যে কারখানায় উৎপাদন চালাতে হতো, প্রযুক্তি, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নের পর সেখানে কর্মীসংখ্যা প্রায় ৩৫০ জনে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তার দাবি, চীনের একটি ৫৪ হাজার স্পিন্ডলের কারখানা মাত্র ৮০ জন কর্মী দিয়ে পরিচালনা করা সম্ভব। এসব উদাহরণ দিয়ে তিনি উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তি ও দক্ষতার ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দেন।
নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, নতুন প্রযুক্তি স্থাপন ও পরিচালনা, উৎপাদন দক্ষতা বাড়ানো এবং দেশীয় কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞরা এক থেকে দুই বছর কাজ করে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার ব্যক্তিগত হিসাব অনুযায়ী, নিট পোশাক খাতে বিদেশি কর্মীর সংখ্যা ১০০ জনের কম এবং ওভেন খাতে ১৫০ জনের বেশি। পদ অনুযায়ী তাদের মাসিক বেতন দুই লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে এই হিসাব কোনো সরকারি জরিপের ভিত্তিতে নয়; এটি তার ব্যক্তিগত অনুমান।
বিদেশি ও দেশীয় কর্মকর্তাদের বেতন ব্যবধানের বিষয়ে ২০২০ সালে প্রকাশিত ‘এনরোলমেন্ট অব এক্সপ্যাট্রিয়েটস ইন দ্য রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টরস অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় তথ্য উঠে এসেছে। সাইফুল ইসলাম ও তাসনিম নাবিলা ইসলাম পরিচালিত ওই গবেষণায় ১০টি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ৩০ জন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণায় দেখা যায়, একই ধরনের পদে বিদেশি কর্মকর্তাদের বেতন দেশীয় কর্মকর্তাদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি।
গবেষণায় বিদেশি জেনারেল ম্যানেজারদের মাসিক বেতন পাঁচ হাজার থেকে ১০ হাজার ডলার এবং দেশীয় কর্মকর্তাদের বেতন দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার উদাহরণ দেওয়া হয়েছে। বিদেশি কর্মকর্তাদের বড় অংশ ভারত ও শ্রীলঙ্কার নাগরিক বলে গবেষণায় উল্লেখ করা হয়।
উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, ডায়িং, কাটিং, মান নিয়ন্ত্রণ, শিল্প প্রকৌশল এবং উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় বিদেশি কর্মকর্তাদের নিয়োগের তথ্যও গবেষণায় উঠে এসেছে। তবে গবেষকরা এটিকে অনুসন্ধানমূলক গবেষণা হিসেবে উল্লেখ করেছেন। নমুনা সীমিত হওয়ায় এর ফলাফল দিয়ে পুরো শিল্পের বর্তমান বেতন কাঠামো বা বিদেশি কর্মীর মোট সংখ্যা নির্ধারণ করা যাবে না।
পোশাকশিল্পের মানবসম্পদ বিভাগে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এক কর্মকর্তা, ছদ্মনাম মো. রফিকুল ইসলাম, বলেন, বিদেশি কর্মী নিয়োগের কারণ শুধু দক্ষতার ঘাটতি নয়। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের পছন্দ ও প্রভাবও এতে ভূমিকা রাখে। তার মতে, ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বা মান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং ক্রয়াদেশ ধরে রাখার স্বার্থে কিছু কারখানা বিদেশি কর্মকর্তাদের নিয়োগ দেয়। এর ফলে যোগ্য দেশীয় কর্মকর্তাদের পদোন্নতি এবং উচ্চপর্যায়ের দায়িত্ব পাওয়ার সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা থাকে।
বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, কর ফাঁকি ও অর্থপাচারের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ‘এমপ্লয়মেন্ট অব এক্সপ্যাট্রিয়েটস ইন বাংলাদেশ : গভর্ন্যান্স চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে-আউট’ শীর্ষক গবেষণা প্রকাশ করে। পরে ২০২৪ সালের ৩০ মার্চ ‘এমপ্লয়মেন্ট অব ফরেনার্স ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অব গুড গভর্ন্যান্স অ্যান্ড ওয়েজ অব ওভারকামিং’ শীর্ষক হালনাগাদ নীতিপত্র প্রকাশ করা হয়।
টিআইবির গবেষণায় বলা হয়েছে, কিছু বিদেশি নাগরিক পর্যটক, অন অ্যারাইভাল বা ব্যবসায়িক ভিসায় বাংলাদেশে এসে যথাযথ কর্মানুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। বৈধভাবে নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রকৃত বেতন কম দেখিয়ে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে। গবেষণায় আরও বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত বেতনের এক-তৃতীয়াংশ ব্যাংকের মাধ্যমে পরিশোধ দেখিয়ে অবশিষ্ট অর্থ নগদে দেওয়া হয়। বিদেশি কর্মী নিয়োগে দেশি ও বিদেশি কর্মীর নির্ধারিত অনুপাত না মানা এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর ঝুঁকির কথাও এতে উল্লেখ করা হয়েছে।
বিদেশি কর্মীদের আয় থেকে বৈধ পথে বিদেশে পাঠানো অর্থের একটি সরকারি হিসাবও রয়েছে। ২০২৪ সালের ২৪ জুন জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা নিজ নিজ দেশে ১৩ কোটি পাঁচ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন। এর মধ্যে ভারতের নাগরিকরা পাঠিয়েছেন পাঁচ কোটি ৬০ লাখ ডলার, চীনের নাগরিকরা এক কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং শ্রীলঙ্কার নাগরিকরা এক কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নাগরিকরাও অর্থ পাঠিয়েছেন।
তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএও বিদেশি কর্মীর সংখ্যা বা তাদের মাধ্যমে বিদেশে পাঠানো অর্থের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানান, এ বিষয়ে তথ্য চেয়ে সদস্য কারখানাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও শিল্পের সার্বিক অস্থিরতার কারণে পোশাকশিল্পের উদ্যোক্তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।
বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে দেশীয় জনবলের দক্ষতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেন, প্রয়োজনীয় দক্ষতা, মানসম্মত শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তৈরি পোশাকশিল্পে শতভাগ দেশীয় জনবল গড়ে তোলা সম্ভব।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সব ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা পুরোপুরি অস্বীকার করা সম্ভব নয়। বিশেষ করে নতুন প্রযুক্তি, আধুনিক উৎপাদনব্যবস্থা ও আন্তর্জাতিক মানের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। তবে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি তাদের মাধ্যমে দেশীয় কর্মীদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং স্থানীয় কর্মকর্তাদের দক্ষ করে তোলার ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও কারিগরি পদে দেশীয় কর্মকর্তাদের পদোন্নতি ও নেতৃত্বের সুযোগ তৈরি করা জরুরি।
জলরাশিতে এ যেন এক প্রকৃতির লাল-সবুজের মায়াবী ক্যানভাস
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিলের সিসা খাবারে মিশে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল নিয়ে করা রিট খারিজ
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
কক্সবাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন
জার্মানিতে শিক্ষার্থী ভিসার আবেদন হবে ডিজিটাল পদ্ধতিতে, কার্যকর ২০২৭ থেকে