দক্ষিণ সিরিয়ায় দুই সপ্তাহে ৭০ বার ঢুকেছে ইসরায়েলি সেনারা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

দক্ষিণ সিরিয়ায় দুই সপ্তাহে প্রায় ৭০ বার সামরিক অনুপ্রবেশ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ১ থেকে ১৪ নভেম্বরের মধ্যে এসব অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশ, পশ্চিম দারা প্রদেশের ইয়ারমুক অববাহিকা ও ওয়াদি আল-রুকাদ এলাকা এবং দামেস্কের গ্রামাঞ্চলে মাউন্ট হারমনের আশপাশে এসব অভিযান চালানো হয়।

এসওএইচআরের তথ্য অনুযায়ী, অভিযানের সময় ইসরায়েলি সেনারা বিভিন্ন শহর ও গ্রামে টহল দিয়েছে, অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করেছে, বাড়িঘরে তল্লাশি চালিয়েছে এবং বেসামরিক নাগরিকদের পরিচয়পত্র পরীক্ষা করেছে। এছাড়া মাটির বাঁধ তৈরি করে কয়েকটি বিকল্প সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর মধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তর কুনেইত্রার জাবাতা আল-খাশাব শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সেনারা কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়, তিনজনকে আটক করে এবং কয়েকটি দোকানের ক্ষতি করে। এসওএইচআরের তথ্য অনুযায়ী, শনিবার দুইজনকে মুক্তি দিয়ে সেনারা এলাকা ছেড়ে যায়। পরে আটক তৃতীয় ব্যক্তিকেও মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি।

২০২৪ সালের ডিসেম্বরের শুরুতে বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ার সামরিক স্থাপনা, অস্ত্রাগার ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দক্ষিণ সিরিয়ায় স্থল অভিযান ও অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এসব হামলার বড় অংশের লক্ষ্যবস্তু ছিল কুনেইত্রা, দারা ও দামেস্ক প্রদেশ। নথিভুক্ত ইসরায়েলি হামলার প্রায় ৮০ শতাংশ এসব এলাকায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছে পর্যবেক্ষক সংস্থাটি।

গত আগস্টে জর্ডানে সিরিয়ার শাসকগোষ্ঠীর প্রধান প্রতিনিধি আসাদ আল-শাইবানি এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। তবে এরপরও দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যত বাতিল করে এবং সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ভূখণ্ডগত লক্ষ্য অর্জনের চেষ্টা করছে ইসরায়েল এমন সমালোচনার মুখেও রয়েছে দেশটি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত