সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১২ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টার সময় আটক হয়েছেন ২৯ জন।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ কিংবা তাদের পরিচয় গোপন করার সঙ্গে জড়িত ১৫ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মোট ৪০ হাজার ৭৬২ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী। এছাড়া ২২ হাজার ৪৫১ জনকে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ৯ হাজার ৮০০ জনের দেশে ফেরার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের সৌদি আরবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কোনো ধরনের সহযোগিতা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন জব্দ করার পাশাপাশি অপরাধীর পরিচয় প্রকাশ করা হতে পারে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের অপরাধ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখা হতে পারে। এটি সম্মান ও বিশ্বাসের পরিপন্থী অপরাধ বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ। আইন লঙ্ঘনের ঘটনা জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সূত্র: আজেল নিউজ
সুইজারল্যান্ডের নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ