জাম্বিয়ায় তামার খনিতে শত কোটি ডলারের বিনিয়োগ, লাভবান হচ্ছেন কারা?

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

জ্বালানি খাতে বৈশ্বিক পরিবর্তনের কারণে তামা, কোবাল্ট, লিথিয়ামসহ গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে খনি খাতে বিপুল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে আফ্রিকার দেশ জাম্বিয়া। দেশটির সরকার তামার উৎপাদন বাড়িয়ে বিশ্ববাজারে বড় সরবরাহকারী হওয়ার লক্ষ্য নিয়েছে। তবে খনি খাতে শত কোটি ডলারের বিনিয়োগ এলেও সাধারণ জাম্বিয়ানদের জীবনে এর সুফল কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা জানিয়েছেন, ২০২২ সাল থেকে দেশটির খনি খাতে ১২ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে। তামার উৎপাদন বাড়ানো এবং নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

দেশটির খনি খাতের বড় বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে কানাডার ফার্স্ট কোয়ান্টাম মিনারেলস ও ব্যারিক মাইনিং করপোরেশন, ভারতের বেদান্ত রিসোর্সেস এবং চীনের ননফেরাস মেটাল মাইনিং গ্রুপ (সিএনএমসি)।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল রিসোর্সেস হোল্ডিং (আইআরএইচ) মোপানি কপার মাইনসের পুনর্গঠনে ১ দশমিক ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বড় বিনিয়োগকারী হিসেবে উঠে এসেছে। প্রতিষ্ঠানটি আগে সুইজারল্যান্ডভিত্তিক গ্লেনকোরের মালিকানাধীন ছিল। নতুন বিনিয়োগের মাধ্যমে খনিটির ৫১ শতাংশ মালিকানা পেয়েছে আইআরএইচ। বাকি ৪৯ শতাংশ রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জেডসিসিএম ইনভেস্টমেন্টস হোল্ডিংসের হাতে।

বড় খনি প্রকল্পের পাশাপাশি কপারবেল্ট প্রদেশে চীনা মালিকানাধীন ছোট ছোট খনিজ প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যাও বাড়ছে। এসব কারখানার কয়েকটি ক্ষুদ্র ও প্রথাগত খনি শ্রমিকদের কাছ থেকে আকরিক সংগ্রহ করে। তবে এ ধরনের কারখানার বিস্তারে শ্রমিকদের নিরাপত্তা, নিয়ন্ত্রণব্যবস্থা এবং পরিবেশ সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

খনি খাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে করছাড় ও তুলনামূলক স্থিতিশীল রাজস্ব নীতির উদ্যোগ নিয়েছে সরকার। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সাবেক প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকারের সময়ে খনি করনীতিতে ঘন ঘন পরিবর্তন আনা হয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করছে বর্তমান সরকার।

খনিজ সম্পদের ব্যবহার বাড়িয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা

খনিজ অনুসন্ধান জোরদার করতে দেশজুড়ে উচ্চমাত্রার নির্ভুলতাসম্পন্ন আকাশভিত্তিক ভূ-পদার্থ জরিপ চালাচ্ছে জাম্বিয়া। এর মাধ্যমে ভূতাত্ত্বিক তথ্য উন্নত করা এবং আগে অনুসন্ধান না হওয়া এলাকায় খনিজের সন্ধান পাওয়ার লক্ষ্য রয়েছে। দেশটির খনি ও খনিজ উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জরিপের প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে।

সরকার ২০৩১ সালের মধ্যে বছরে ৩০ লাখ টন তামা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বার্ষিক তামা উৎপাদন ১০ লাখ টনেরও কম ছিল।

গত ১৯ অক্টোবর লুসাকায় অনুষ্ঠিত জাম্বিয়া মাইনিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে প্রেসিডেন্ট হিচিলেমা বলেন, তামা, কোবাল্ট, নিকেল, লিথিয়াম, ম্যাঙ্গানিজ ও বিরল মৃত্তিকা ধাতুর মতো খনিজ সম্পদ দেশের মানুষের ও অর্থনীতির কল্যাণে কাজে লাগাতে চায় সরকার। এ ক্ষেত্রে তেল ও গ্যাস ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত যেভাবে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, জাম্বিয়াও সেভাবে এগোতে চায়।

শুধু খনিজ উৎপাদন বাড়ানো নয়, তামা প্রক্রিয়াজাত করে দেশেই মূল্য সংযোজনের দিকেও নজর দিচ্ছে সরকার। বৈদ্যুতিক গাড়ি এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো তৈরিতে তামা গুরুত্বপূর্ণ উপাদান। এত দিন জাম্বিয়া মূলত তামার ক্যাথোড চীনসহ বিভিন্ন শিল্পোন্নত দেশে রপ্তানি করেছে। এখন দেশেই খনিজ প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প গড়ে তুলে কম কার্বননির্ভর বৈশ্বিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে চায় দেশটি।

আফ্রিকার তামা উৎপাদনে শীর্ষ দুই দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো) ও জাম্বিয়া বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির শিল্প গড়ে তুলতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অংশীদারত্বের উদ্যোগ নিয়েছে।

হিচিলেমা জানান, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির উপকরণ উৎপাদনে ডিআর কঙ্গো ও জাম্বিয়া যৌথভাবে কাজ করছে। এ ক্ষেত্রে মোটরগাড়ি শিল্পে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ আফ্রিকায় উৎপাদিত গাড়িতে কঙ্গো ও জাম্বিয়ার খনিজ উপাদান ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

এই উদ্যোগের লক্ষ্য কাঁচামাল রপ্তানির ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক জ্বালানি রূপান্তর থেকে আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক সুবিধা বাড়ানো। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে শুধু খনিজ উৎপাদন বাড়ালেই হবে না; প্রয়োজন স্থানীয় শিল্প, দক্ষ শ্রমশক্তি এবং বড় পরিসরের উৎপাদন উপযোগী অবকাঠামো।

বিনিয়োগ বাড়লেও শ্রমিকদের অবস্থার উন্নতি কতটা?

বিদেশি বিনিয়োগে জাম্বিয়ার খনি খাত সম্প্রসারিত হলেও শ্রমিকদের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে দাবি করছে দেশটির শ্রমিক সংগঠনগুলো।

ন্যাশনাল ইউনিয়ন অব মাইনার্স অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক স্টিফেন মওয়াঙ্গা আলজাজিরাকে বলেন, তামার দাম ও বিনিয়োগ বাড়লেও খনিশ্রমিকদের কর্মপরিস্থিতির উন্নতি হয়নি। তাঁদের চাকরির শর্ত ও সুযোগ-সুবিধা আগের মতোই রয়ে গেছে।

মওয়াঙ্গার ভাষ্য, তামার দাম বাড়লেও উৎপাদন ব্যয়ও বেড়েছে। বিশেষ করে জ্বালানির উচ্চমূল্য খনি কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে প্রভাব পড়ায় জ্বালানি সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে এল নিনোর প্রভাবে দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে খরার পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহেও চাপ বেড়েছে। জাম্বিয়ার বিদ্যুতের বড় অংশ জলবিদ্যুৎ থেকে আসে। ফলে পানির স্তর কমে গেলে দেশটির খনি শিল্পও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা মেটাতে আমদানি ও বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে দেশটিকে।

খনি শিল্পের সম্প্রসারণ অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মওয়াঙ্গা বলেন, খনি কোম্পানিগুলোর চ্যালেঞ্জ বিবেচনায় রেখেই শ্রমিকদের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধার উন্নয়নের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে।

সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, উৎপাদন বৃদ্ধির সুফল শ্রমিকদের কর্মপরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিতে কাজে লাগানো।

খনি সম্প্রসারণে বাড়ছে পরিবেশদূষণের উদ্বেগ

শ্রমিকদের কল্যাণের পাশাপাশি খনি সম্প্রসারণের পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে যেসব এলাকার মানুষ আগে থেকেই দূষণের শিকার, সেখানে নতুন খনি প্রকল্পের প্রভাব নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

মানবাধিকারকর্মী ইউজিন মুলেঙ্গার আশঙ্কা, খনিজ উৎপাদন বাড়ানোর সরকারি উদ্যোগ পরিবেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে কপারবেল্ট প্রদেশে চীনা মালিকানাধীন সিনো-মেটালস লিচ জাম্বিয়ার পরিচালিত একটি বর্জ্য সংরক্ষণ বাঁধের কাঠামো ভেঙে পড়ে। এতে অ্যাসিড ও ভারী ধাতুযুক্ত খনিবর্জ্য চামবিশি খালে ছড়িয়ে পড়ে। পরে দূষিত পানি মুওয়ামবাশি ও কাফুয়ে নদীপ্রণালিতে গিয়ে মেশে। এতে পানির গুণমান, জলজ প্রাণী এবং নদীর ওপর নির্ভরশীল স্থানীয় মানুষের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

পরে জাম্বিয়া এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এজেন্সির এক পরিবেশগত মূল্যায়নে দূষণের বিস্তার এবং ক্ষতিগ্রস্ত জলপথের ওপর এর প্রভাব তুলে ধরা হয়।

এই ঘটনা খনি সম্প্রসারণের পরিবেশগত ঝুঁকি সামনে আনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও পরিবেশ সুরক্ষার নিয়ম কার্যকর করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে। এ ছাড়া বিভিন্ন খনি কার্যক্রমে আরও দূষণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

২০৩১ সালের মধ্যে বছরে ৩০ লাখ টন তামা উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে পরিবেশ সুরক্ষায় কঠোর ব্যবস্থা এবং খনি কোম্পানিগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের জন্য বাড়তি সুযোগ তৈরির চেষ্টা

খনি খাতে বিনিয়োগ বাড়লেও সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা কতটা লাভবান হচ্ছেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। এই বিনিয়োগের অর্থের একটি বড় অংশ যেন দেশের ভেতরেই ব্যয় হয়, সে লক্ষ্যেই স্থানীয় সরবরাহকারীদের জন্য বিশেষ নিয়ম চালু করেছে সরকার।

২০২৬ সালে প্রবর্তিত স্থানীয় অংশগ্রহণবিষয়ক বিধিমালা অনুযায়ী, খনি কোম্পানিগুলোকে তাদের বার্ষিক ক্রয় বাজেটের অন্তত ২০ শতাংশ মূল খনি-সংশ্লিষ্ট পণ্য ও সেবার জন্য স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে ব্যয় করতে হবে। এক বছর পর এই হার ২৫ শতাংশে উন্নীত করার কথা রয়েছে। পরবর্তী সময়ে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এই নীতির উদ্দেশ্য স্থানীয় ও দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জাম্বিয়ান সরবরাহকারীদের জন্য নতুন বাজার তৈরি এবং খনি খাতের অর্থনৈতিক সুফলের বড় অংশ দেশের ভেতরে রাখা।

তবে বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য প্রয়োজনীয় খনিজের বড় সরবরাহকারী হয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগোলেও জাম্বিয়ার সামনে মূল প্রশ্নটি থেকেই যাচ্ছে—খনি খাতে বিপুল বিনিয়োগ কি সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে পারবে?

বিশেষ করে খনিশিল্পের আশপাশে বসবাসকারী মানুষের কর্মসংস্থান, আয়, স্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তায় এই বিনিয়োগের সুফল কতটা পৌঁছাবে, তা এখনো অনিশ্চিত।

মানবাধিকারকর্মী মুলেঙ্গা আলজাজিরাকে বলেন, খনির কাছাকাছি জলাশয়ের ওপর নির্ভরশীল অধিকাংশ কৃষক ও দরিদ্র মানুষ ক্রমবর্ধমান খনি কার্যক্রমের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর মতে, দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা করতে গিয়ে এসব মানুষের জীবিকা ও পরিবেশের বিষয়টি উপেক্ষা করা উচিত নয়।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত